সাত দফা নিয়ে মাঠে নামছে চার সংগঠন
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সসহ সাত দফা দাবিতে এবার মাঠে নামছে চালক-মালিকদের চারটি সংগঠন। আজ বুধবার সকালে আন্দোলনের প্রথম ধাপ হিসেবে তারা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে। পরে সেখান থেকে সংগঠনের নেতা-কর্মীরা সিটি করপোরেশন এবং পুলিশ কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেবেন।
চট্টগ্রাম রিকশাচালক-মালিক ফোরাম, চট্টগ্রাম মহানগর ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক ঐক্যজোট, ইসলামী রূপায়ণ রিকশা ও অটোরিকশা প্রকল্প এবং চট্টগ্রাম মোটরচালিত অটোরিকশাচালক-মালিক সমন্বয় পরিষদ এ কর্মসূচি দিয়েছে। সাত দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স, ব্যাটারিচালিত রিকশা মালিকদের বাণিজ্যিক বিদ্যুৎ মিটার প্রদান।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘আমরা আশা করব ব্যাটারিচালিত রিকশাচালক-মালিকদের চার সংগঠন তাদের কর্মসূচি আইনশৃঙ্খলা মেনেই পালন করবে।’