সাত দফা বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি জাতীয় কমিটির
ফুলবাড়ী চুক্তিসহ সাত দফা দাবি বাস্তবায়নে তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর দেশের বিভিন্ন স্থান থেকে দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া অভিমুখে লংমার্চের মধ্য দিয়ে। গতকাল শনিবার ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।ঘোষিত তিন মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচিগুলো হচ্ছে: ২৩ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলাপর্যায়ে সভা-সমাবেশ; ৩ আগস্ট ঢাকায় জাতীয় সেমিনার; ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালন; ৩০ আগস্ট ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সমাবেশ; ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর লংমার্চ।শেখ মুহাম্মদ শহীদুল্লাহ দেশের তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ‘সরকারি নীতি’র কঠোর সমালোচনা করে বলেন, সরকার পাট খাত ও যুদ্ধাপরাধীর বিষয়ে ভালো কাজ দেখিয়েছে। কিন্তু জ্বালানি খাতে সরকারের কর্মকাণ্ড জাতীয় স্বার্থবিরোধী। তিনি লংমার্চের কর্মসূচি সরকারের জন্য একটি সর্তক সংকেত বলে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতির আবদুস সালাম, সিপিবির রুহিন হোসেন প্রিন্সসহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।