সাত দশকে হরতাল ২ হাজার ২২৪ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভূখণ্ডে গত সাত দশকে ২ হাজার ২২৪টি হরতাল ডাকা হয়েছে। এসব হরতাল কেড়ে নিয়েছে ৬৫৫ জনের প্রাণ। এ ছাড়া হরতালে আহত হয়েছে প্রায় ২৫ হাজার এবং গ্রেপ্তার হয়েছে প্রায় ১৭ হাজার মানুষ।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সাত দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সমকাল-এর সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত দেশের হরতালের চিত্র উপস্থাপন করেন।
অজয় দাশগুপ্তের গবেষণা অনুযায়ী, ১৯৪৭ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৩ নভেম্বর পর্যন্ত সাত দশকে মোট ৬০৫টি জাতীয় হরতাল হয়েছে। স্থানীয় ও আঞ্চলিক হরতাল হয়েছে ১ হাজার ৬১৯টি। এর মধ্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় জাতীয় পর্যায়ে পূর্ণদিবস হরতাল ছিল ৭৬টি এবং অর্ধদিবস হরতাল ছিল ১৫টি। একই সময়ে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে পূর্ণদিবস হরতাল ছিল ৯৬টি এবং অর্ধদিবস হরতাল ছিল ১১৭টি।
২০০৯ থেকে ২০১৫ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে জাতীয় পর্যায়ে পূর্ণদিবস হরতাল ছিল ২৩৬টি এবং অর্ধদিবস হরতাল ছিল পাঁচটি। একই সময়ে স্থানীয় পর্যায়ে ৩০২টি পূর্ণদিবস এবং ১০০টি অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রাবন্ধিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, হরতালের বিশাল রাজনৈতিক তাৎপর্য রয়েছে। হরতাল না থাকলে বায়ান্নার ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ কিছুই হতো না। কিন্তু বর্তমানে হরতাল তামাশায় পরিণত হয়েছে। এটি সবচেয়ে সহজ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘হরতাল দিয়েই আমরা দেশ স্বাধীন করেছি। এটিই বাস্তবতা। আগে হরতাল হলে মানুষ ঘর থেকে বের হতো না, কিন্ত বর্তমান সময়ে মানুষ হরতালকে উপেক্ষা করে ঘর ছেড়ে কাজে মনোযোগ বেশি দিচ্ছে।’
সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, হরতালকে না বলতে হবে। এটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হতে পারে না।
গতকালের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সায়িদ, এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।