সাত দশকে ২২২৪ দিন হরতাল
বাংলাদেশের ভূখণ্ডে গত সাত দশকে ২ হাজার ২২৪টি হরতাল ডাকা হয়েছে। এ সব হরতাল কেড়ে নিয়েছে ৬৫৫ জনের প্রাণ। হরতালে আহত হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ। গ্রেপ্তার হয়েছেন প্রায় ১৭ হাজার।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সাত দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত।
অজয় দাশগুপ্তের দেওয়া তথ্যমতে, ১৯৪৭ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৩ নভেম্বর পর্যন্ত সাত দশকে মোট ৬০৫টি জাতীয় পর্যায়ে হরতাল হয়েছে। স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে হরতাল হয়েছে এক হাজার ৬১৯ টি। এর মধ্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় জাতীয় পর্যায়ে পূর্ণদিবস হরতাল ছিল ৭৬ টি। অর্ধদিবস হরতাল ছিল ১৫ টি। একই সময় স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে পূর্ণদিবস হরতাল ছিল ৯৬ টি। অর্ধদিবস হরতাল ছিল ১১৭ টি।
২০০৯ থেকে ২০১৫ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে জাতীয় পর্যায়ে পূর্ণদিবস হরতাল ছিল ২৩৬ টি। অর্ধদিবস হরতাল ছিল পাঁচটি। একই সময়ে স্থানীয় পর্যায়ে ৩০২টি পূর্ণদিবস এবং ১০০টি অর্ধদিবস হরতাল পালিত হয়।
অনুষ্ঠানে প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, হরতালের বিরাট রাজনৈতিক তাৎপর্য আছে। হরতাল না থাকলে ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ কিছুই হতো না। কিন্তু বর্তমানে হরতাল তামাশায় পরিণত হয়েছে। এটি সবচেয়ে সহজ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘হরতাল দিয়েই আমরা দেশ স্বাধীন করেছি। এটিই বাস্তবতা। আগে হরতাল হলে মানুষ ঘর থেকে বের হতো না, কিন্তু বর্তমান সময়ে মানুষ হরতালকে উপেক্ষা করে ঘর ছেড়ে কাজে মনযোগ বেশি দিচ্ছে।’
সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, হরতালকে না বলতে হবে। এটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হতে পারে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সায়ীদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।