সাত দালালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সাত দালালকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নির্বাহী হাকিম নীলিমা রায়হানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণা করে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে কিছু দালাল। এতে চিকিৎসার জন্য বাড়তি খরচ করতে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার দালালদের দমনের চেষ্টা করে। তবে কাজ হয়নি। গতকালও দালালদের তৎপরতা দেখা যায়। পরে পাঁচ নারীসহ সাত দালালকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, দালালেরা ওই সব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সঙ্গে যুক্ত থেকে কমিশনের ভিত্তিতে রোগী নিয়ে যায়।