সাত দিন আটকে রাখার পর দুজনকে জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। কিন্তু গাজীপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা দুই ব্যক্তিকে সাত দিন ধরে তাদের কার্যালয়ে আটকে রেখে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে। ওই ডিবি পুলিশের সদস্যরা অন্য এক ব্যক্তিকে ইয়াবা বড়িসহ আটকের পর চার দিন তাঁদের কার্যালয়ে আটকে রাখেন। পরে ইয়াবা উদ্ধারের বিষয়টি গোপন করে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার আদালতে পাঠানো হয়। ওই তিনজনকে গ্রেপ্তারকারী ডিবি কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই দুই ব্যক্তিকে ২২ জানুয়ারি নয়, গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে দুই দিন আটকে রেখেছিলাম।’জেলা ডিবি কার্যালয়ের এক সূত্র জানায়, ২২ জানুয়ারি ঢাকার গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে ভোলা সদর উপজেলার চরপুটকা এলাকার নূরুন নবী (৩৮) ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বরিশালের উজিরপুর উপজেলার যোগীরকান্দা এলাকার ফজলুল হককে (৪০) আটক করে গাজীপুর ডিবির এসআই ইকবাল হোসেন ও এসআই আবদুস ছালাম। একটি অপহরণ মামলায় দুজনকে সন্দেহজনকভাবে আটক দেখিয়ে ওই দিন থেকে জেলা ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। তাঁদের মুক্তি বাবদ পরিবারের কাছে টাকা দাবি করে ডিবি। ফজলুল হকের পরিবার সূত্রে বলা হয়, ফজলুলের মুক্তি বাবদ গত রোববার তাঁর স্ত্রী ডিবি কার্যালয়ে গিয়ে এসআই ইকবালকে ১০ হাজার টাকা দেন। ওই দিন বিকেল চারটার দিকে প্রথম আলোর এই প্রতিনিধি জেলা ডিবি কার্যালয়ে গিয়ে আটক ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাইলেও অনুমতি দেয়নি ডিবি। গতকাল সকালে ফজলুল ও নূরুন নবীকে আদালতে সোপর্দ করা হয়।ডিবি কার্যালয়ে ফজলুলের স্ত্রীর উপস্থিতির বিষয়টি স্বীকার করলেও তাঁর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এসআই ইকবাল।ডিবি সূত্র জানায়, সদর উপজেলার দক্ষিণ শালনা এলাকার ছানোয়ার হোসেনকে (৩৮) ৩০টি ইয়াবা বড়িসহ ২২ জানুয়ারি গ্রেপ্তার করে এসআই ইকবাল। পরে তাঁর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন ইকবাল। ইকবাল ইয়াবা উদ্ধার না দেখিয়ে ছানোয়ারকে ৩৪ ধারায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার আদালতে পাঠান। এ ব্যাপারে ইকবাল দাবি করেন, ‘মজনু নামের এক মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছানোয়ারকে ধরি। ওর কাছে ইয়াবা পাওয়ার খবর সত্য নয়।’এর পরও চার দিন আটকের কারণ জানতে চাইলে ইকবাল বলেন, ‘দুই দিন হয়েছে ধরেছিলাম। একটু তো জিজ্ঞাসাবাদ করতে হয়।’গাজীপুর জজকোর্টের আইনজীবী ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘ফৌজদারি কার্যবিধি আইনের ৬১ ধারা মোতাবেক, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি থানাহাজতে রাখা যাবে না। এর বেশি সময় আটকে রাখা অন্যায়।’এ ব্যাপারে জেলা গোয়েন্দা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিদের হাজতখানায় পাঠালে অনেক সময় সত্য উদ্ঘাটন করা সম্ভব হয় না। এ কারণে অনেক সময় এক দিনের বেশি আটকে রাখতে হয়।’