সাত দিন কাজ করিয়ে ২০ দিনের বিল তুলে লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলায় আড়াই কোটি টাকা ব্যয়ে চলমান অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ছয়-সাত দিন কাজ করিয়ে জনপ্রতিনিধিরা শ্রমিকদের কাছ থেকে ৪০ দিনের মাস্টাররোল ও মজুরির চেকে সই নিয়ে গেছেন। ইতিমধ্যে জনপ্রতিনিধিরা ২০ দিনের টাকা তুলে লোপাট করেছেন বলেও অভিযোগ করেছেন শ্রমিকেরা।অর্থ আত্মসাতের সঙ্গে প্রকল্পে সংশ্লিষ্ট ব্যক্তিরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে তাঁদের দাবি, ২৬ নভেম্বর পর্যন্ত তাঁরা ২৫ দিনের কাজ করিয়েছেন। গত ১৬ অক্টোবর প্রকল্পের কাজ শুরু হয়ে আগামী ১৭ ডিসেম্বর শেষ হওয়ার কথা। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে ‘অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির’ প্রথম ধাপে সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৫৬টি প্রকল্পে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দুই কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দেয়। এতে পাঁচ হাজার ৫৭৪ জন অতিদরিদ্র নারী-পুরুষ কাজের সুযোগ পাওয়ার কথা।প্রকল্পের শর্ত অনুযায়ী, অতিদরিদ্র পরিবারের ব্যক্তিরা প্রকল্পে উপকারভোগী (শ্রমিক) হিসেবে প্রত্যেকে দৈনিক ৪৫ ঘনফুট মাটি কাটার বিনিময়ে ১৭৫ টাকা মজুরি পাবেন। ২৫ নভেম্বর বালিয়াতলী ইউনিয়নের বানাই গ্রামে গিয়ে দেখা যায়, মোস্তফা খাঁর বাড়ি থেকে বটতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির রাস্তা পুনর্নির্মাণ কাজ বন্ধ। বানাই কালভার্ট থেকে ৪০ গজ রাস্তার ওপরের অংশ চেঁছে সমান করা হয়েছে।পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, ১৫-২০ জন শ্রমিক দিয়ে সাত-আট দিনে কয়েকটি গর্ত ভরাট এবং উঁচু জায়গাগুলো চেঁছে সমান করার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকল্পে ৯০ জন শ্রমিক নিয়োগের কথা থাকলেও প্রথম দিন ৮০ জন, এরপর ২০-৩০ জন করে শ্রমিক কাজ করেছেন। কয়েকজন নারীশ্রমিক জানিয়েছেন, এই রাস্তায় সব মিলিয়ে সাত দিন কাজ হয়েছে। মজুরি পেয়েছেন এক হাজার ২০০ টাকা করে।বালিয়াতলী প্রকল্প কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) আবদুস সালাম দাবি করেন, ‘৯০ জন শ্রমিক দিয়ে ২৫ দিন কাজ করেছি।’ কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে হারুন আকনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণকাজে ৪১ জন শ্রমিক নিয়োগের কথা থাকলেও গত রোববার প্রকল্প ঘুরে দেখা যায়, ২৯ জন শ্রমিক কাজ করছেন। প্রকল্পে কোটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাট করার কথা থাকলেও তা করা হয়নি। বিদ্যালয় থেকে গাজীবাড়ি পর্যন্ত রাস্তায় সামান্য মাটি ফেলে খানাখন্দ ভরাট করা হয়েছে। শ্রমিক রিনা বেগম, মামুন, রুবেল হোসেন, জিলভানু ও শোভা আক্তার জানান, তাঁরা নয় দিন কাজ করে মজুরি পেয়েছেন তিন দিনের।প্রকল্পপ্রধান স্থানীয় ইউপি সদস্য তাঁদের কাছ থেকে ৪০ দিনের মাস্টাররোলে ও ব্যাংক চেকে একসঙ্গে সই নিয়ে গেছেন। ইউপি সদস্য স্বপন মিয়া বলেন, ‘অফিসের সঙ্গে সমন্বয় করে আমাদের কাজ করতে হয়। আমি এখানে নয় দিন কাজ করেছি।’সদরের বদরখালী ইউনিয়নের কুমড়াখালী এলাকার সাতঘর বিরেনের বাড়ি থেকে সেতু পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, আধা কিলোমিটার রাস্তার ওপরের অংশ চেঁছে সমান করে যেনতেনভাবে কাজ করা হয়েছে।প্রকল্পের শ্রমিক অঞ্জলী রানী জানান, তাঁরা কাজ করেছেন আট দিন। আর মজুরি পেয়েছেন পাঁচ দিনের। অপর শ্রমিক সবলা রানী জানান, ৪০ দিনের মাস্টাররোলে ও চারটি চেকে তাঁদের কাছ থেকে এক দিনে স্বাক্ষর করিয়ে নিয়েছেন প্রকল্পপ্রধান।জানতে চাইলে সদর উপজেলার পিআইও রণজিৎ কুমার কর্মকার বলেন, কাজ শেষ হবে ১৭ ডিসেম্বর। তবে এরই মধ্যে কাজের ৫৫ ভাগ শেষ হয়েছে। কাজ কেমন হয়েছে জানতে চাইলে তিনি জানান, কাজ আগের বারের তুলনায় ভালো হয়েছে। কয়েকটি প্রকল্প এলাকার কাজের বিবরণ তুলে ধরলে তিনি জানান, কাজ সম্পন্ন না করে কেউ বিল নিতে পারবে না।