সহায়তার খবর নেই, দুর্দিনে জেলেরা
ঝালকাঠির নলছিটি উপজেলার নলবুনিয়া জেলেপল্লিতে অন্তত ২৫০ জন জেলে রয়েছেন। কিন্তু গত বছর ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় পল্লির মাত্র ১৩ জন জেলে সহায়তা পান।
নলবুনিয়া জেলেপল্লির বাসিন্দা আবদুস সালাম গতবার সহায়তা পাননি; এবারও না। গত বৃহস্পতিবার তিনি বলেন, ‘মাছ ধইর্যা মোগো সোংসার চলে। এহন হেইয়্যা ধরন বন্ধ। ঘরে ছয়জন খাওয়াইয়্যা মানুষ। দৈনিক ৩ কেজি চাউল লাগে। হ্যারপর বাজার-সওদা। দুইডা পোলা স্কুলে যায়। এহন বোঝেন মোগো দিন ক্যামনে কাডে। ধারদেনা কইর্যা চলতে আছি। কিন্তু কত দিন এই রহম চলমু?’
মা ইলিশ রক্ষার এই সময়ে জেলেদের সরকারি সহায়তা দিতে হবে, তেমন কোনো নির্দেশনাই পাননি ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক। তিনি বলেন, ‘এখনো কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে খোঁজখবর নিচ্ছি।’
ঝালকাঠিসহ বরিশাল বিভাগের ছয় জেলা, শরীয়তপুর ও কুষ্টিয়ায় একই পরিস্থিতি। মা ইলিশ রক্ষায় বঙ্গোপসাগর ও দেশের সব নদ-নদীতে ইলিশ ধরার ওপর ১ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। সাত দিনেও কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি। তাই এসব এলাকার জেলেদের এখন চরম দুর্দিন যাচ্ছে।
বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা যায়, ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় যাতে জেলেরা দুর্দশায় না পড়েন, সে জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ৪০ কেজি চাল দেওয়ার কথা। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো বরাদ্দের ব্যাপারে ফিরতি জবাব মেলেনি। তা ছাড়া প্রতি জেলায় কতজন জেলে সহায়তা পাবেন, এখনো সেই তালিকা করার কাজই শুরু হয়নি।
মৎস্য অধিদপ্তর সূত্র বলছে, ২০১৬ সালে নিষেধাজ্ঞা চলাকালে দক্ষিণ উপকূলের ১৪ জেলার ৭৬টি উপজেলার ৩ লাখ ৫৬ হাজার ৭২৩ জন কার্ডধারী জেলেকে ২০ কেজি করে চাল দেওয়া হয়।
বরগুনার তালতলীর জয়ালভাঙ্গা এলাকার জেলে বশির উদ্দীন (৩২) বলেন, ‘বাকিতে চাউল-সওদা আইন্না পাঁচ দিন চলছে। এহন কর্জ আনা ছাড়া উপায় নাই। চলমু ক্যামনে? সরকার কবে চাইল দেবে, হেই ভরসায় বইয়্যা থাকলে বউ-বাচ্চা লইয়্যা না খাইয়্যা মরণ লাগবে।’
মৎস্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, গত ছয় দিনে বিভাগের ৬ জেলায় ১৫৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। অভিযানে ২ হাজার ৭৭৫ কেজি ইলিশ ও ১২ লাখ ৯৬ হাজার ৬০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
>*ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
*গত বছর জেলেরা ২০ কেজি করে চাল পেয়েছিলেন
*৬ দিনে ১৫৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মৎস্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আজিজুল হক বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগের ছয় জেলায় ৩ লাখের বেশি জেলে রয়েছেন। তাঁদের এবার বিশেষ ভিজিএফের আওতায় ৪০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
শরীয়তপুরেও সহায়তা আসেনি
শরীয়তপুরে ১৬ হাজার ৩৫০ জন জেলেকে খাদ্য-সহায়তা হিসেবে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু এখনো কোনো সহায়তা পাননি জেলেরা। নড়িয়া উপজেলার চরমোহন গ্রামের এক জেলে বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে শাস্তি পেতে হয় তা জানি। কিন্তু পেটে ভাত না থাকলে কী করব?’
শরীয়তপুর জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘জেলেদের সহায়তার জন্য চালের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। দ্রুত বরাদ্দ পাওয়ার চেষ্টা করছি। জেলেদের তালিকা প্রস্তুত করা হয়েছে। চালের বরাদ্দপত্র এলেই জেলেদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে।’
সহায়তার বাইরে কুষ্টিয়ার জেলেরা
কুষ্টিয়ায় প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ পদ্মা নদী পড়েছে। তাতে জেলেরা ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এখানকার জেলেরা ওই খাদ্য-সহায়তা কর্মসূচির বাইরে রয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. জহির রায়হান এক প্রশ্নের জবাবে বলেন, জেলেদের প্রণোদনা দিতে গত বছর একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বছর থেকে এই প্রণোদনা জেলেরা পাবেন।
তিন জেলায় ২২ জেলেকে কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে তিন জেলায় ২২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের বরাত দিয়ে বরিশাল অফিস জানায়, গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয়েছে ৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং তিন মণ ইলিশ।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, শুক্রবার রাতে গোয়ালন্দ থেকে আটক সাত জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় মণ ইলিশ জব্দ করা হয়।
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে চার জেলেকে আটকের পর প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, গতকাল দুপুরে উপজেলার মৈনটঘাট এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কুষ্টিয়া ও শরীয়তপুর প্রতিনিধি)