সাত দিন ধরে নিখোঁজ নৌ-প্রকৌশলী সাদ্দাম

সাত দিন ধরে নিখোঁজ আছেন নৌ-প্রকৌশলী সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত
সাত দিন ধরে নিখোঁজ আছেন নৌ-প্রকৌশলী সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকায় সাদ্দাম হোসেন নামের এক নৌ-প্রকৌশলী সাত দিন ধরে নিখোঁজ বলে খবর পাওয়া গেছে। তাঁর বয়স ২৮ বছর। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও কালো প্যান্ট।

পরিবারের সদস্যরা বলছেন, ২ এপ্রিল সকাল সাড়ে ছয়টার দিকে সাদ্দাম হোসেন পল্লবীর বাসা থেকে মতিঝিলের নৌ অধিদপ্তরে যাওয়ার জন্য বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে ও মুখে হালকা দাড়ি ছিল। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি।

সাদ্দামের পরিবারের সদস্যরা গত বুধবার নগরীর রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাদ্দাম হোসেন বাংলাদেশ মেরিন একাডেমির ৪৭তম ব্যাচের একজন স্নাতক। তিনি সর্বশেষ ইউনাইটেড শিপিং লিমিটেডে কর্মরত ছিলেন। সাদ্দাম হোসেনের খোঁজ পেলে তাঁর ভাই জাহাঙ্গীর হোসেনের সঙ্গে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, সাদ্দাম হোসেনের খোঁজ এখনো পাওয়া যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে।