সাত দিন ধরে নিখোঁজ র্যাবের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা (সিকিউরিটি সুপারভাইজার) মফিজ উদ্দীন (৩০) সাত দিন ধরে নিখোঁজ। তাঁর পরিবারের দাবি, র‌্যাব পরিচয়ে ১৫ ফেব্রুয়ারি তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মফিজ উদ্দীনের স্ত্রী লাইলী বেগম শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গতকাল রোববার সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সামনে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সমেঞ্চলনে এ অভিযোগ এনে মফিজ উদ্দীনকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শাহবাজপুর ইউনিয়নের সদস্য তরিকুল ইসলাম। এ সময় মফিজ উদ্দীনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগমসহ এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন।
জিডিতে উল্লেখ করা হয়, ১৫ ফেব্রুয়ারি সোনামসজিদ স্থলবন্দর-সংলগ্ন রফিকের বাড়ি থেকে র‌্যাব পরিচয়ে পাঁচ ব্যক্তি মফিজ উদ্দীনসহ পাঁচজনকে তুলে নিয়ে যায়। অন্যরা হলেন শিয়ালমারা গ্রামের মো. খলিল, বালিয়াদিঘী গ্রামের মো. রয়েল, জিয়ারপুরের নাসির ও শুকুর আলী। সাধারণ পোশাকে থাকা র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা এই পাঁচজনকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তোলেন। পরে র‌্যাবের দুটি পিকআপ মাইক্রোবাসটিকে পাহারা দিয়ে নিয়ে যায়। পরদিন মফিজ ছাড়া বাকি চারজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাঁদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জিডিতে লাইলী বেগম আশঙ্কা প্রকাশ করেন, তাঁর স্বামীকে হত্যা করে লাশ গুম করা হতে পারে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। জিডিতে র‌্যাবের বিরুদ্ধে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।