সাত দিন ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস মালিকদের দুপক্ষের বিরোধের জের ধরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গত সাত দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রৌমারী-বকশীগঞ্জ-জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কে চলাচলকারী ১৭টি বিলাসবহুল যাত্রীবাহী বাসসহ ৬৬টি বাস চলাচল করছে না। হাজারও যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসমালিকেরা সংকট নিয়ন্ত্রণে গতকাল শনিবার তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করতে ঢাকায় গেছেন।বকশীগঞ্জের বাস মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক যোগাযোগ-ব্যবস্থার উন্নয়নের কারণে রৌমারী-বকশীগঞ্জ-জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কে গত এক বছর ধরে বৈশাখী সীমান্ত পরিবহন নামে ১৪টি এবং জননী সীমান্ত পরিবহন নামে তিনটি বিলাসবহুল যাত্রীবাহী বাস চলাচল করে। প্রতিদিন এ সড়কে ৬৬টি যাত্রীবাহী বাস চলাচল করে থাকে। এসব বাসের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদের মালিকানাধীন তিনটি জননী পরিবহন বাস রাতে চলাচল করত। ১৪ মার্চ বকশীগঞ্জ উপজেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারাসহ স্থানীয় সব বাস-মিনিবাস মালিক সমঝোতার ভিত্তিতে নতুন সময়সূচি তৈরি করে তাঁরা গত ৪ এপ্রিল থেকে সব বাস চক্রাকারে দিনে ও রাতে চলার সিদ্ধান্ত নেন। জননী পরিবহনের মালিকেরা তা প্রত্যাখ্যান করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতিতে অভিযোগ দেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগের সময়সূচি অনুযায়ী বাস চলাচলের জন্য জেলা বাস-মিনিবাস মালিক সমিতি থেকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়।বৈশাখী পরিবহনের মালিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে এ নিয়ে উভয় পক্ষ মারমুখী অবস্থান নেয়। একপক্ষ অন্য পক্ষের বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগের হুমকি দিলে গত ৪ এপ্রিল বিকেল থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস শ্রমিকেরাও বেকার হয়ে পড়েছেন।বৈশাখী পরিবহনের বাস মালিকদের পক্ষে আতিকুর রহমান প্রথম আলোকে বলেছেন, রাতে চলাচলকারী মাত্র তিনটি বাসের মালিকেরা জামালপুরের বাস-মিনিবাস মালিক সমিতির নেতাদের সঙ্গে যোগসাজশ করে আমাদের জিম্মি করে রেখেছেন। তাঁরা আমাদের বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগের হুমকি দিয়েছেন। আমরা বিষয়টি জানানোর জন্য আজই তথ্যমন্ত্রীর কাছে যাচ্ছি।বকশীগঞ্জ উপজেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আবদুল ওয়াহেদ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেছেন, আমি বাস চলাচল বন্ধ করিনি। সংগঠনের শৃঙ্খলা ভঙের চিঠি পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে বাস চলাচল বন্ধ করে জনগণকে কষ্ট দিচ্ছেন।জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ধর্মঘটে গিয়ে আন্দোলন করতে হবে জেলা মালিক সমিতির পক্ষ থেকে এমন কোন চাপ ছিল না।