সাত দিন ধরে বিদ্যুৎ নেই নড়াইলের ২০ গ্রামে
নড়াইলের ২০টি গ্রাম সাত দিন ধরে বিদ্যুৎহীন। ২৩ এপ্রিল কালবৈশাখীতে নড়াইল সদরসহ কালিয়া উপজেলার ৫৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এসব গ্রামের প্রায় ৩৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়। এতে জনজীবনে নেমে আসে স্থবিরতা।
বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় মুঠোফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগেও সমস্যা দেখা দিয়েছে। ২৫ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে কালিয়া পৌর এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হলেও উপজেলার বেশির ভাগ এলাকায় এ সেবা বন্ধ রয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫টি গ্রামে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করেছে।
গত শুক্রবার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে ছয়টি, কলাবাড়িয়া ইউনিয়নে দুটি ও বাঐসোনা ইউনিয়নে পাঁচটি এবং সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে একটি, শিঙ্গাশোলপুর ইউনিয়নে একটিসহ মোট ২০টি গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে যাতায়াতের একমাত্র রাস্তার ওপর ঝড়ে ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি এখনো সরানো হয়নি। ফলে ওই রাস্তা দিয়ে পথচারীসহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, ইউনিয়নের মূলখানা ও তালুকদারপাড়ায় বিদ্যুৎ নেই। বাঐসোনা ইউপির চেয়ারম্যান মো. ফোরকান মোল্লা জানান, তাঁর ইউনিয়নের পাঁচটি গ্রামে এবং পেড়লী ইউপির চেয়ারম্যান আনিচুর রহমান জানান, তাঁর ইউনিয়নের ছয়টি গ্রামে বিদ্যুৎ নেই। এ সুযোগে একশ্রেণির সুবিধাবাদী ব্যবসায়ী নিজস্ব বিদ্যুৎব্যবস্থার (জেনারেটর) মাধ্যমে মুঠোফোনের প্রতিটি সেট চার্জ দিতে ১৫ থেকে ২০ টাকা করে নিচ্ছেন বলে জানা গেছে। বিদ্যুৎ না থাকায় রেফ্রিজারেটরে রাখা খাদ্যসামগ্রী নষ্ট হয়ে গেছে। এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
কালিয়া উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ব্যবস্থাপক সুমন সাহা বলেন, ঝড়ে কালিয়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। অফিসের লোকজন দিনরাত পরিশ্রম করে বিদ্যুৎ-সংযোগ দিয়েছেন। পর্যায়ক্রমে সব লাইন সচল করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের নড়াইলের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক দিলীপ কুমার বাইন প্রথম আলোকে বলেন, ঝড়ে জেলার বিভিন্ন এলাকার ৩৫টি খুঁটি ভেঙে যায়। গাছপালা ভেঙে তারের ওপর পড়ায় তা অপসারণ করে বিদ্যুতের লাইন সচল করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ৯০ ভাগ এলাকায় বিদ্যুতের লাইন সচল হয়েছে। দু-এক দিনের মধ্যে অন্যান্য এলাকায় বিদ্যুতের লাইন সচল হবে।