সাত দিন ধরে বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 
গত শনিবার কালবৈশাখীতে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার তিনটি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।
গত বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই। পুরো কমপ্লেক্স এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালে একটি জেনারেটর থাকলেও সেটি দিয়ে সব কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুর আহম্মেদ বলেন, সাত দিন ধরে কমপ্লেক্সে বিদ্যুৎ সরবরাহ নেই। রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরও বলেন, বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া রেফ্রিজারেটরে থাকা মূল্যবান ওষুধ ও টিকা নষ্ট হয়ে যাচ্ছে।
সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী রেজানুর রহমান জানান, ক্ষতি কাটিয়ে উঠে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে।