সাত দিন পর খোঁজ মিলল আরাফাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমানের (বায়েজিদ) খোঁজ মিলেছে। গত বুধবার সকালে সাত দিন পর তাঁর খোঁজ পাওয়া যায়।২৩ মে বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে প্রাণ আউটসোর্সিংয়ে (কম্পিউটার আউটসোর্সিং) ক্লাস করতে বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার পর থেকে আরাফাতকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।আরাফাতকে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, ‘আরাফাত এখন ঢাকার কল্যাণপুরের বাসায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আছেন। এর বেশি কিছু বলা যাবে না। কারণ এ বিষয়ে তদন্ত চলছে।’আরাফাত রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৩ মে রাত আটটার দিকে বহদ্দারহাট এলাকা থেকে চার-পাঁচজন লোক তাঁকে ধরে নিয়ে যায়। তারা তাঁর কাছে থাকা টাকা, মানিব্যাগ ও মুঠোফোন কেড়ে নিয়ে আরও টাকা দাবি করে। টাকা না পেয়ে প্রথমে তাঁকে চড়-থাপড় মারে ও পরে অজ্ঞান করে প্রথমে সিলেট এবং পরে পঞ্চগড়ে নিয়ে যায়। তিনি জানান, গত মঙ্গলবার ভোররাতে তাঁকে রাস্তার পাশে ছেড়ে দেওয়া হয়।