সাত দিন পর নীলফামারীর ইউপি চেয়ারম্যান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থেকে অপহরণের সাত দিন পর নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম (তুহিন) ও তাঁর সঙ্গী প্রতিরাম চন্দ্র রায়কে গতকাল বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংগাতী গ্রামের ফরিদ আলী (৩৫), তাড়াশ উপজেলার স্বরাপপুর গ্রামের আবু বক্কার সিদ্দিক (৫০), একই উপজেলার ভিকমপুর গ্রামের আবদুল খালেক (৫৭), সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মো. আসাদুল ইসলাম (২৩) ও সয়দাবাদ পুনর্বাসন এলাকার সলিম হোসেন (২৭)। আটক ব্যক্তিরা সবাই ওই অপহরণ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব ও পুলিশ। জানা গেছে, গত ২৪ জুলাই অপহূত হওয়ার পর গত মঙ্গলবার রাতে অপহরণকারীরা দুজনকে রায়গঞ্জের মৌহার গ্রামের মোহামঞ্চদ আলীর পরিত্যক্ত ঘরে শিকল দিয়ে বেঁধে রাখেন। গ্রামে গতকাল এক ব্যক্তি মারা গেলে সকালে ঘরটির পাশে জানাজার আয়োজন করা হয়। এ সময় এক নারী ওই ঘরের কাছে গেলে ভেতর থেকে ‘পানি, পানি’ বলে চিৎকার শুনতে পান। বেড়া ফাঁক করে ভেতরে কয়েকজনকে দেখে তিনি চিৎকার দেন। এতে জানাজায় অংশ নিতে আসা লোকজন তালা ভেঙে ঘরে ঢোকেন। প্রতিরাম চন্দ্র গ্রামবাসীকে জানান, তাঁদের অপহরণ করে আটকে রাখা হয়েছে। অপহরণকারীরা আশপাশেই আছেন। এরপর গ্রামবাসী অপহরণকারীদের তিনজনকে ধরেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান একদল পুলিশ নিয়ে দুজনকে উদ্ধার ও তিনজনকে আটক করেন। আগের দিন মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা অপহূতদের উদ্ধারে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকার সয়দাবাদে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। শফিকুলের বড় ভাই শরিফুল ইসলাম জানান, বুধবার (গতকাল) রাতে মুক্তিপণের টাকা দিয়ে তাঁদের ছাড়িয়ে আনার কথা ছিল। এ বিষয়ে ২৯ জুলাই অপহরণকারীদের সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা হয়। ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে অপহরণকারীদের বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর পরিচালক মো. জামিল হোসেন বলেন, র‌্যাবের হাতে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বগুড়া পুলিশের কাছে সোপর্দ করা হবে।গত ২৪ জুলাই সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর থানার লিচুতলা বাইপাস এলাকা থেকে শফিকুল ও প্রতিরামকে ফলের রসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অপহরণ করা হয়। পরে তাঁদের পরিবারের কাছে মুঠোফোনে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই ঘটনায় শাজাহানপুর থানায় একটি জিডি করেন শফিকুলের বড় ভাই।