সাত দিন পর ফিরে এলেন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নিখোঁজ কাঠ ব্যবসায়ী সাত দিন পর বাড়ি ফিরে এসেছেন। তিনি অভিযোগ করেছেন, ঢাকার গুলিস্তান এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই কাঠ ব্যবসায়ীর নাম মতিয়ার রহমান খান। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা। প্রথম আলোয় ১৪ মে ‘বালিয়াকান্দির কাঠ ব্যবসায়ী নিখোঁজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মতিয়ার রহমান খান বলেন, ৯ মে ঢাকার মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের সামনে আসার পর তাঁদের বাসে পুলিশ তল্লাশি চালায়। এ সময় পুলিশ তাঁকেসহ মোট ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর কাছে থাকা ৪০ হাজার টাকা ও মুঠোফোনটিও পুলিশ নিয়ে নেয়। তিন দিন তাঁকে থানায় আটকে রাখা হয়, মারধরও করা হয়। পুলিশ কারও সঙ্গে যোগাযোগ করতে দেয়নি। এদিকে আটক হওয়ার সময় পুলিশ তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেও থানায় তাঁর নামে ২ হাজার টাকা ও মুঠোফোনটি জমা দেয়। পরে তিনি ওই ২ হাজার টাকা ও মোবাইলের বিকাশ হিসাবে থাকা ৫ হাজার টাকা থানার এক পুলিশকে দেন। তখন তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকার হাজারীবাগ থানার ওসি আলীমুজ্জামান বলেন, ‘এ রকম কোনো ঘটনা আমার জানা নেই।’