সাত দিন পর ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মুড়ি বই
নির্বাচনের এক সপ্তাহ পরে কুড়িয়ে পাওয়া তিন বান্ডিল ব্যালট পেপারের মুড়ি বই নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জের ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে গত বৃহস্পতিবার সকালে এই মুড়ি বই পাওয়া গেছে।এই ইউনিয়নে অল্প ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে আজিজুল ইসলাম খাঁ নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন একরামুল হক সংগ্রাম।কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে উপজেলার মালিয়াট ইউনিয়নে ভোট গ্রহণ শেষে দুটি কেন্দ্রে ভোটের ফলাফল প্রকাশে বিলম্ব করা হয়। পরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজিজুল হক খাঁ জয়লাভ করেছেন বলে নির্বাচন অফিস থেকে ঘোষণা দেওয়া হয়। একরামুল হক দাবি করেছেন, ভোটকেন্দ্রে এভাবে মুড়ি বই পড়ে থাকা সন্দেহজনক। তিনি দাবি করেন, এখানে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে।রির্টার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মদ জানান, তাঁদের কাছে জমা দেওয়া ব্যালটের সঙ্গে মিলিয়ে দেখবেন এগুলো তাঁদের ব্যবহারকৃত ব্যালট কি না। যদি তাঁদের ব্যবহার করা ব্যালটের মুড়ি হয়, তাহলে কেন এভাবে পড়ে ছিল তা তদন্ত করে দেখা হবে।