সাত দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মৎস্যজীবী দলের নেতা সোহেল রানাকে কুপিয়ে জখম করার সাত দিন পর গতকাল রোববার মামলা করেছেন তাঁর মা শেফালী খাতুন। ৯ মার্চ রাতে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে উপজেলার জে কে কলেজের মাঠে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
সোহেল রানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দুপচাঁচিয়া পৌর কমিটির সভাপতি। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
শেফালী খাতুন এজাহারে উল্লেখ করেন, ৫ মার্চ সোহেল রানা উপজেলা জলমহাল ইজারা নেওয়ার জন্য দরপত্র জমা দেন। এর আগে যুবলীগের কয়েকজন নেতা তাঁকে দরপত্র জমা না দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। তবে সোহেল এতে রাজি না হওয়ায় ওই নেতারা হত্যার উদ্দেশ্যে তাঁকে কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। পরে আহত সোহেল রানাকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর দুই হাতে এবং বাঁ কানের পাশে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়।