সাত দিন পর মামলা নিল পুলিশ, এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলায় ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা ঘটনার সাত দিন পর মামলা নিয়েছে পুলিশ। একই সঙ্গে কর্তব্যে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) সরিয়ে নেওয়া হয়েছে।

গত রোববার রাতে মেয়েটির মা বাদী হয়ে তিন তরুণকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলাটি করেন। মামলায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেন ঠাকুরাকোনা গ্রামের মামুন মিয়া (২৫), সুলতান মিয়া (২২) ও অপু সরকার (২১)।

এ ছাড়া কর্তব্যে অবহেলার দায়ে ওই কিশোরীর আত্মহত্যা ঘটনার অপমৃত্যু মামলার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদকে সরিয়ে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। গত রোববার হওয়া মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) শাহ এ নূর আলমকে।

পুলিশ, মেয়েটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ওই তিন আসামি কিশোরীকে (১৪) মাছের খামারে একটি ঘরে ডেকে নিয়ে যান। রাত আটটার দিকে পান্নার মা কৌশলে সেখানে গিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করেন। ঘরে এসে মেয়েটি জানায়, ওই তিন তরুণ তাকে ধর্ষণ করেছেন। কিছুক্ষণ পর তরুণদের মধ্যে মামুন মিয়া মেয়েটির ঘরে এসে ঘটনাটি কাউকে জানালে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেন। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি জেনে ফেলেন। পরদিন বেলা ১১টার পর পাশের ঘরের আড়ার সঙ্গে পান্নার ঝুলন্ত লাশ দেখে তার পরিবারকে জানান স্থানীয় লোকজন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে গত বুধবার মেয়েটির বাবা থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ অভিযোগ না নিয়ে উল্টো বলেছে, আগের অপমৃত্যুর মামলাটিই চলবে। এখন চলে যান। একই দিন নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী বলেছিলেন, ‘মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কোনো রেপ টেপ হয়নি।’

ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে হওয়া মামলা তদন্তের দায়িত্ব পাওয়া শাহ এ নূর আলম বলেন, ‘স্যারের নির্দেশে (এসপি) গুরুত্বের সঙ্গে এ ঘটনার তদন্ত চালানো হচ্ছে। ধর্ষণের অভিযোগ তদন্তের জন্য আজ (গতকাল সোমবার) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি চাওয়া হয়েছে।’

পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের তিনটি দল কাজ করছে। আশা করা যাচ্ছে, অপরাধীদের খুব অল্প সময়ের মধ্যেই আইনের আওতায় আনা সম্ভব হবে।