সাত দিন পর লাশটি খুঁজে পেল পুলিশ
লাশটি ভাসছিল সাত দিন ধরে। এলাকাবাসী দেখেছিলেন। তাঁরা লাশটি পুলিশকে উদ্ধার করতে বলেছিলেন। পুলিশ বলছে, লাশটি তারা খুঁজে পাচ্ছে না। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অবশেষে গতকাল শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করেছে পুলিশ।তবে লাশটি পুরুষের না নারীর, তা বোঝা যায়নি পচে ফুলে ওঠায়। ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর এলাকায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ঈদগাসংলগ্ন কলিমউল্লাহ কলেজ সড়কের পাশের বাসস্ট্যান্ডে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী গত বৃহস্পতিবার জানান, গত শনিবার থেকে লাশটি তাঁরা ভাসতে দেখে গজারিয়া থানার পুলিশকে একাধিকবার খবর দেওয়ার পরও তারা লাশটি উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেয়নি। মহাসড়ক ধরে হেঁটে যাওয়া মানুষ মাত্র ৫০ গজ দূরত্বে খালে ভেসে থাকা লাশটি দেখতে পেলেও পুলিশ বলছে, তারা লাশটি খুঁজে পাচ্ছে না। মহাসড়কের ৫০ গজ দূরত্বে ভেসে থাকা লাশটি আরও আগে কেন উদ্ধার করা হলো না? এ প্রশ্নের উত্তরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া বলেন, ‘লোকমুখে খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। লাশটি তারা দেখতে পায়নি বলে আমাকে জানিয়েছিল। গতকাল শুক্রবার দুপুরে লাশটি পাওয়া গেছে।’