সাত দিন পর শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাব-২ কার্যালয়ে মা রুমার কোলে আনিকা
র‌্যাব-২ কার্যালয়ে মা রুমার কোলে আনিকা

বয়স মাত্র ১৪ মাস বয়েসি শিশু আনিকা। মুক্তিপণের জন্য ৩ জানুয়ারি অপহরণ করা হয়েছিল তাকে। অবশেষে আজ শুক্রবার রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করেছে র‌্যাব।

শিশু আনিকাকে অপহরণের অভিযোগে নেছার উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আগারগাঁওয়ে র‌্যাব-২-এর কার্যালয়ে আনিকার মা রুমা  সাংবাদিকদের জানান, আদাবরের হাউজ নং-১০৩, সুনিবিড় হাউজিংয়ে ভোলার হোটেলে তিনি কাজ করেন। অপহরণকারী নেছার তাঁর সঙ্গে কাজ করতেন।

রুমা বলেন, মাঝেমধ্যে কান্নাকাটি করলে আনিকাকে কোলে নিতেন নেছার। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনিকাকে কোলে নেওয়ার কথা বলে হোটেল থেকে তাকে নিয়ে বেরিয়ে যান নেছার। এরপর মুঠোফোনে দেড় লাখ টাকা দাবি করেন তিনি। টাকা না পেলে আনিকাকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। পরে র‌্যাব-২ কার্যালয়ে অভিযোগ করেন রুমা।

আনিকা উদ্ধারের ঘটনা সম্পর্কে র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল কে এম আজাদ সাংবাদিকদের বলেন, আনিকাকে নিয়ে যাওয়ার পর স্থান বদলাতে থাকেন নেছার। পরে প্রযুক্তির সাহায্যে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আনিকাকে ১৮৩/২ দক্ষিণ পীরেরবাগের একটি বাসায় আটকে রাখা হয়েছিল। নেছারকে নিয়ে অভিযান চালিয়ে ওই বাসা থেকে আনিকাকে উদ্ধার করা হয়। 

লে. কর্নেল কে এম আজাদ জানান, ঘটনায় অন্য কারও জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নেছারের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।