সাত দিনে দুই খুন, ১৫ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের পর যশোর শহরে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। নির্বাচনের পর থেকে এক সপ্তাহে নির্বাচনী পোলিং এজেন্টসহ দুজন খুন হয়েছেন। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে প্রায় ১৫টি। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।ওই দুটি খুনের ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হলেও ছিনতাইয়ের ঘটনায় মাত্র দুটি মামলা হয়েছে।জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ২৫-৩০ জন সন্ত্রাসী ছিনতাইসহ বিভিন্ন আপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শহরকে অস্থিতিশীল করে তুলছে। আর তারা স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের শীর্ষস্থানীয় নেতাদের ছত্রচ্ছায়ায় রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।পুলিশ সুপার কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দৃষ্টি ছিল নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দিকে। সন্ত্রাসীরা সেই সুযোগ কাজে লাগিয়ে সম্প্রতি শহরে কয়েকটি খুন ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ইতিমধ্যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’১৩ জানুয়ারি পৌরসভা নির্বাচনের রাত আটটার দিকে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আনিছুর রহমানের পোলিং এজেন্ট কামাল উদ্দীনকে (৪০) ষষ্টিতলাপাড়া এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম ওরফে ট্যাগা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, তিনি ও তাঁর সঙ্গী আশরাফ শিকদার, সাইফুল, হাফিজুর রহমান ওরফে মরাসহ কয়েকজন কামালকে কুপিয়ে জখম করেন। ট্যাগা জানান, তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হকের পক্ষে নির্বাচনী কাজ করেছেন। তাঁদের প্রার্থী হেরে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন।১৮ জানুয়ারি সন্ধ্যায় শহরের এমকে সড়কের নাজমা হোটেলের স্বত্বাধিকারী আবদুর রহমানের ছেলে সেলিম ধর্মতলা মোড়ে যাত্রীছাউনিতে বসে চা পান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে।১৭ জানুয়ারি দুপুরে শহরের আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্রী গুলশান নাহার বাড়ি ফিরছিল। পথে পৌর পার্কের মূল ফটকের সামনে ছিনতাইকারীরা তার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে আহত করে।১৬ জানুয়ারি রাতে হামিদপুর নুড়িতলা এলাকায় শহরের বারান্দিপাড়ার মল্লিক ইসমাইল হোসেনের কাছ থেকে ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এতে বাধা দেওয়ায় ইকরামুজ্জামান নামে একজনকে তারা ছুরিকাঘাতে আহত করে।১৮ জানুয়ারি রাতে সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার রানা (৩০) নামের আরেক যুবকের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ১৭ জানুয়ারি সন্ধ্যায় ডিসি বাংলো সড়কে সরকারি এমএম কলেজের ছাত্র মহিদুল ইসলামকে ছুরি মেরে মুঠোফোন ও টাকা কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। সম্প্রতি এমন আরও কয়েকটি ঘটনায় শহরের মানুষ আতঙ্কে আছে। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ বলেন, ‘অনেক ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দিতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা আমাদের দলের কেউ নয়। সন্ত্রাসীদের না ধরতে পুলিশের ওপর আমাদের কোনো চাপ নেই।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘যারা ছিনতাইসহ অপরাধমূলক কাজ করে শহরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, ইতিমধ্যে তাদের চিহ্নিত করে ফেলেছি। তাদের ধরার জন্য সাদা পোশাকধারী পুলিশের টহল বাড়ানো হয়েছে। আর মামলা না নেওয়ার অভিযোগ সঠিক নয়। কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে মামলা নেয়।’