সাত দিনে পাসপোর্ট পাবেন প্রবাসীরা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনের মধ্যে প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেডেক্স-এর সঙ্গে চুক্তি সই করেছে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। আজ শনিবার দুপুরে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে বহির্গমন ও পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কাছে পাসপোর্ট পাঠানো হতো। এতে দুই থেকে তিন মাস সময় লাগত। এই চুক্তি কার্যকরের মাধ্যমে এখন তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে পাসপোর্ট পৌঁছে যাবে। সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে কোনো জঙ্গি যাতে পাসপোর্ট না পায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে।’ তিনি বলেন, কোনো জঙ্গি যাতে দেশের বাইরে না যেতে পারে এবং দেশের বাইরে থেকে কোনো জঙ্গি যাতে আসতে না পারে, সে জন্য বহিরাগমন বিভাগ সজাগ আছে।

পাসপোর্ট অধিদপ্তরের দুর্নীতি ও পুলিশ ভেরিফিকেশনে হয়রানি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু–একজন সব সময় সব জায়গায় দুর্নীতি করে বা দুর্নীতি করার অপচেষ্টা করে। যারা দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, যিনি পাসপোর্ট পাচ্ছেন, তিনি সন্ত্রাসী কি না, দেশের বাইরে গিয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন কি না, সে জন্য ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে।

স্বাগত বক্তব্যে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে ৬৪টি জেলায় ৭১টি পাসপোর্ট অফিস, বিদেশের ৬৫টি বাংলাদেশ মিশনে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), মেশিন রিডেবল ভিসা (এমআরভি), ভিসা উইং, সাতটি ভিসা সেল, অত্যাধুনিক ডেটা সেন্টার, একটি ডিজাস্টার রিকভারি সেন্টার, একটি পূর্ণাঙ্গ মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং সেন্টার মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ১ কোটি ৬৪ লাখ এমআরপি ও প্রায় সাড়ে ৪ লাখ এমআরভি প্রদান করেছে। এর মাধ্যমে অধিদপ্তর প্রায় আট হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে।

ডিজি অধিদপ্তরের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জনবল বৃদ্ধি ও অধিদপ্তরের শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানান। ২০১৬ সালে ১৪ জন কর্মকর্তা এবং ১৮ জন কর্মচারী শ্রেষ্ঠ সেবাদাতা হিসেবে বিবেচিত হয়েছেন বলে তিনি জানান। পাসপোর্টে জালিয়াতি বন্ধ করতে শিগগিরই চিপসংবলিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট তৈরি করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পাসপোর্টের সঙ্গে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড সম্পৃক্ত। বৈদেশিক আয়ের মাধ্যমে বাংলাদেশে ৩০ বিলিয়ন ডলার রিজার্ভের ক্ষেত্রেও বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের অবদান রয়েছে।

উদ্বোধনী পর্ব শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা অধিদপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন।