সাত দিনে পেঁয়াজের দাম বেড়েছে ৭০০ টাকা
চালের পর এবার পাবনার ঈশ্বরদীর মোকামে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। গত তিন দিনের ব্যবধানে প্রতি মণে (৪০ কেজি) ৪০০ এবং সাত দিনের ব্যবধানে ৭০০ টাকা পর্যন্ত বেড়েছে। ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।ঈশ্বরদীতে পেঁয়াজের বড় মোকাম জয়নগরে খোঁজ নিয়ে জানা গেছে, হাটে-বাজারে নতুন পেঁয়াজ ওঠার পর গত ২০ নভেম্বর থেকে দাম বাড়তে শুরু করে। এর আগে জয়নগর মোকাম, আওতাপাড়া, দাশুড়িয়া, ছিলিমপুর, ভাড়ইমারী হাটে প্রতি মণ পেঁয়াজ সর্্বোচ্চ ৮০০ টাকা দরে বিক্রি শুরু হয়। সেই পেঁয়াজের দাম বাড়তে বাড়তে গত বৃহস্পতিবার দুই হাজার ১০০ টাকা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ঈশ্বরদীতে দেশি পেঁয়াজের বড় মোকাম জয়নগর থেকে প্রতিদিন রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, চৌমুহনী, ফেনী, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুরসহ দেশের ১০টি জেলার পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজ কিনে নিয়ে যান।ব্যবসায়ীরা জানান, গত বুধবার জয়নগর মোকামে এক হাজার ৪০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হয়। গত সোমবার জয়নগর মোকামে পেঁয়াজ মণপ্রতি বেড়ে যায় ৪০০ টাকা অর্থাৎ এক হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। গত বৃহস্পতিবার ঈশ্বরদী বাজারে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়। গত সোমবার সেই পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা।পেঁয়াজচাষি জামিরুল ইসলাম জানান, গত এক মাস আগে তিনি জয়নগর মোকামে ৮০০ টাকা প্রতি মণ পেঁয়াজ বিক্রি করেছিলেন। বিলকেদা গ্রামের কৃষক আমানুল্লাহ মালিথা জানান, এবার ঈশ্বরদীতে প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে। তার পরও বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদার তুলনায় পেঁয়াজ কম থাকায় প্রতিদিনই মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা করে বাড়ছে।পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, জয়নগর মোকামে আগে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ২০০ মেট্রিক টন পেঁয়াজ আনা হতো। কিন্তু এখন মোকামে পেঁয়াজ তেমন একটা আসছে না। দাম বেড়ে যাওয়ায় বাইরের ব্যবসায়ীরা মাঠ থেকেই কৃষকের পেঁয়াজ কিনে নিচ্ছেন। তিনি আরও জানান, দেশের বাইরে থেকে পেঁয়াজ আসা বন্ধ রয়েছে। তাই পেঁয়াজের দাম বাড়ছে।