সাত দিনে ৩০টি মাছ ধরার ট্রলারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টমার্টিন দ্বীপের অদূরে পশ্চিম ও দক্ষিণ বঙ্গোপসাগরে গত এক সপ্তাহে ৩০টি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুদের বেদম প্রহারে ১০ জেলে আহত হন। টেকনাফ থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন কয়েকজন ট্রলার মালিক।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত এক সপ্তাহে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের অদূরে ৭-১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় ডাকাতির ঘটনা ঘটে। জলদস্যু ও ট্রলিং ট্রলারগুলোকে তাদের দাবি করা টাকা না দিলে মাছ ধরা ট্রলারের মাছ, জাল, জ্বালানি, মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যাচ্ছে। এ সময় জেলেরা প্রতিবাদ করলে ট্রলিং ট্রলার ও জলদস্যুরা বেদম মারধর করে। এতে গত সাত দিনে ১০ জেলে আহত হন।ট্রলার মালিক ছাবের আহমদ, কবির আহমদ ও মো. আমিন জানান, এ পর্যন্ত ১৯ জনের মালিকানাধীন মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। সাবরাং ইউপির সদস্য নূর মোহাম্মদ বলেন, ডাকাতির কারণে শাহপরীর দ্বীপের তিনটি ঘাটের তিন শতাধিক ট্রলারের মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে। এতে পরিবার নিয়ে অনেক জেলে বিপাকে পড়েছেন।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, সাগরের ডাকাতির ঘটনায় কয়েকজন ট্রলার মালিক একটি অভিযোগ করেছেন। বঙ্গোপসাগরে ডাকাতি হলে পুলিশের করার কিছুই নেই। সাগরে নামার মতো জলযান পুলিশের নেই, তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। ওই এলাকার কোস্টগার্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, এ ধরনের কোনো অভিযোগ তাঁরা পাননি।সেন্টমার্টিনে নৌবাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার ফয়সাল মেহেদী বলেন, ওই এলাকায় ডাকাতি হওয়ার কথা নয়। প্রতিদিন নৌবাহিনীর একটি জাহাজ সেখানে টহলে থাকে। যদি কোনো ধরনের ডাকাতির ঘটনা ঘটে তাহলে নৌবাহিনীর জাহাজকে সংকেত দেখিয়ে অবহিত করার জন্য তিনি জেলেদের অনুরোধ জানান।