পাবনা জেনারেল হাসপাতালে শীতের শুরু থেকেই শিশু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। গত তিন মাসে প্রায় ৫ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রোগী ভর্তি আরও বেড়েছে। ১ থেকে ৭ জানুয়ারি—এই সাত দিনে নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত আরও ৫০০ শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে গত তিন মাসে মারা গেছে ১০৭টি শিশু।
শিশু রোগীর স্বজনদের দাবি, হাসপাতালে চিকিৎসার আধুনিক সরঞ্জাম না থাকায় শিশুমৃত্যু বাড়ছে। অন্যদিকে ভর্তি শিশুদের জটিলতা দেখা দিলে ছাড়পত্র দিয়ে অন্যত্র পাঠানো হচ্ছে। দূরে নিতে গিয়ে পথেই শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে।
জেলার ঈশ্বরদী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত নভেম্বরের শুরু থেকে পাবনায় তাপমাত্রা কমছে। দুই দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা আরও কিছুদিন থাকবে।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, শীত শুরুর আগে থেকেই হাসপাতালে শিশু রোগী ভর্তি বাড়তে শুরু করেছে। অক্টোবর মাসে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৬ শিশু। নভেম্বরে শীত শুরুর সঙ্গে সঙ্গে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। নভেম্বর মাসে ২ হাজার ২৫ ও ডিসেম্বরে ১ হাজার ৭২৬টি শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে মারা গেছে ১০১টি শিশু। চলতি মাসে শীতের তীব্রতা কিছুটা বাড়ায় শিশু রোগী ভর্তি আরও বেড়েছে। গত সাত দিনে শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৫৯ শিশু। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও ১৭৭ শিশু। এদের মধ্যে মারা গেছে ৬টি শিশু।
গতকাল সোমবার সকালে সরেজমিনে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা যায়, ৩৩ শয্যার শিশু ওয়ার্ডে প্রায় দ্বিগুণ রোগী। কক্ষে জায়গা না হওয়ায় বারান্দার মেঝেতে কয়েকটি শিশুর চিকিৎসা চলছে। হঠাৎ একটু রোদের দেখা মেলায় শিশুদের কোলে নিয়ে বাইরে ঘুরছেন স্বজনেরা।
শিশু রোগীদের সাত থেকে আটজন স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অধিকাংশ ব্যক্তিরাই শিশুকে নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে এসেছেন। কিন্তু এখানেও কাঙ্ক্ষিত চিকিৎসা মিলছে না। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম নেই। একটি ফটো থেরাপি যন্ত্র থাকলেও তা বিকল। ফলে অক্সিজেন দেওয়া ছাড়া অন্য কোনো সেবা পাওয়া যাচ্ছে না। রোগীর অবস্থা একটু জটিল হলেই ঢাকা অথবা রাজশাহীর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এতে শিশুমৃত্যুর ঘটনা বাড়ছে।
চাটমোহর উপজেলার গোরোলিয়া-ফৈলজানা গ্রামের জয়নাল হোসেন বলেন, তাঁর শিশুটি সাত দিন ধরে ঠান্ডায় আক্রান্ত। দুই দিন শিশুটিকে নিয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। চার দিন ধরে পাবনা জেনারেল হাসপাতালে রয়েছেন। প্রতিদিন অক্সিজেন দেওয়া ছাড়া শিশুটির তেমন কোনো চিকিৎসা হচ্ছে না। চিকিৎসকেরা শিশুটিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
শিশু বিভাগের জ্যেষ্ঠ নার্স রাবেয়া খাতুন বলেন, ‘প্রতিদিন অনেক শিশু হাসপাতালে আসছে। অনেক প্রতিকূলতার মধ্যেও আমরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে জটিল শিশু রোগীদের চিকিৎসার জন্য যেসব যন্ত্র প্রয়োজন তা আমাদের নেই। ফলে বাধ্য হয়ে তাদের ছাড়পত্র দিয়ে অন্যত্র পাঠাতে হচ্ছে।’ পরিবার পরিকল্পনা অধিদপ্তর পাবনার সাবেক উপপরিচালক চিকিৎসক রাম দুলাল ভৌমিক বলেন, নবজাতকের সংখ্যা বাড়ছে। শিশুমৃত্যু কমাতে হাসপাতালটির আধুনিকীকরণ জরুরি হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ নিতীশ কুমার কুণ্ডু বলেন, ‘প্রতিকূলতা আছে এটা ঠিক। তবে আমরা শিশু রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় জটিল অবস্থা নিয়ে শিশুরা হাসপাতালে আসে। তখন সমস্যা তৈরি হয়। যেসব শিশু মারা গেছে, তাদের অধিকাংশই বার্থ এসপেশিয়া (জন্মত্রুটি), লো বার্থ ওয়েট (ওজন কম) ও সেফটি সেমিয়ায় (সংক্রমণ) আক্রান্ত ছিল।
নিতীশ কুমার কুণ্ডু আরও বলেন, শীতে শিশুদের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়। কোনো অবস্থাতেই যেন শিশুর ঠান্ডা না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। সব সময় সহনীয় তাপমাত্রায় রাখতে হবে। ছয় মাসের কম বয়সী শিশুদের বারবার বুকের দুধ দেওয়া ও একটু বড় শিশুদের অন্য খাবার দিতে হবে। এরপরও ঠান্ডাজনিত কোনো রোগে আক্রান্ত হলে শিশুকে অবশ্যই হাসপাতালে আনতে হবে। পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক এস এম মাহমুদুল হক বলেন, ‘নানা সংকট নিয়েই হাসপাতাল চালাতে হচ্ছে। জনবল, যন্ত্রপাতি সবকিছুরই সংকট আছে। শয্যার তুলনায় সব সময় বেশি রোগী থাকছে। এরপরও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। শিশু ওয়ার্ডসহ পুরো হাসপাতালকে সমৃদ্ধ ও আধুনিক করতে যন্ত্রপাতি চাওয়া হয়েছে।’