সাত দিনে ৬০০ ঘরবাড়ি তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের উঁচু পাহাড় কেটে বসতবাড়ি তৈরির হিড়িক পড়েছে। সূত্রমতে, গত সাত দিনে পাহাড় কেটে অন্তত ৬০০ ঘরবাড়ি তৈরি করা হয়েছে।কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ঈদের কেনাকাটা আর ছুটি নিয়ে সবাই যখন ব্যস্ত, ঠিক তখন পাহাড় কাটার হিড়িক পড়েছে।সূত্রমতে, গত সাত দিনে শহরের লাইটহাউস, কলাতলী, সিটি কলেজ এলাকা, সাহিত্যিকা পল্লির পাহাড় কেটে অন্তত ৬০০ ঘরবাড়ি তৈরি করা হয়েছে। অনেকে পাহাড় কেটে সমতল জমির দখলস্বত্ব বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।গত রোববার সকালে সাহিত্যিকা পল্লিতে গিয়ে দেখা যায়, ৫০-৬০ জন শ্রমিক উঁচু পাহাড় কাটছেন। ১০টির বেশি ট্রাকে করে পাহাড় কাটার মাটি সরিয়ে ফেলা হচ্ছে। তারপর সমতল ভূমিতে চলছে নতুন ঘরবাড়ি তৈরির কাজ। সমুদ্রসৈকতসংলগ্ন লাইটহাউস পাহাড়ে গিয়েও দেখা গেছে একই চিত্র। উঁচু পাহাড় কেটে এখানে তৈরি করা হয়েছে ৫০টির বেশি বসতবাড়ি। শহরের বাইপাস সড়ক, কলাতলী, আদর্শগ্রামসহ বিভিন্ন পাহাড় ঘুরে অসংখ্য ঘরবাড়ি তৈরির দৃশ্য চোখে পড়ে।একটি ঘরের মালিক দাবিদার কুতুবদিয়ার সিরাজুল ইসলাম (৪৫) বলেন, ছয় দিন আগে তিনি লাইটহাউস পাহাড় কেটে টিনের একটি ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি বলেন, অনেকে পাহাড় কেটে সমতল ভূমি অন্যদের কাছে বিক্রি করছেন।মাটি সরবরাহের কাজে নিয়োজিত একটি ট্রাকের চালক গফুর মিয়া বলেন, ‘পাহাড় কাটার মাটি দিয়ে গলফ মাঠসহ বিভিন্ন নিচু জমি ভরাট করা হচ্ছে। আমরা শুধু মাটি বহন করছি। পাহাড় কে কাটছেন আর মাটি কে সরবরাহ করছেন, তা আমরা জানি না।’পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, রাতের বেলায় পাহাড় কাটা হচ্ছে বলে কাউকে ধরা যাচ্ছে না। গত তিন দিনে ৩০টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে। তার পরও পাহাড়ে নতুন ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, গতকাল লাইটহাউস পাহাড়ে গিয়ে ৫০ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করা হয়েছে, যাঁরা সম্প্রতি পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করেছেন। অন্যান্য এলাকার দখলদারদেরও তালিকা তৈরির কাজ চলছে।পরিবেশ আইনে সৈকত ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় স্থাপনা নির্মাণ, মাটির পরিবর্তন ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।কক্সবাজার বিভাগীয় বন (দক্ষিণ) কর্মকর্তা বিপুল কৃঞ্চ দাশ বলেন, রোববার সিটি কলেজ এলাকা ও সাহিত্যিকা পল্লিতে গিয়ে বনকর্মীরা পাহাড় কাটা বন্ধ করে দিয়েছেন। পাহাড় কাটায় যাঁরা জড়িত, তাঁদের তালিকা তৈরি করে মামলার প্রস্তুতি চলছে। আর বিভিন্ন পাহাড়ে তৈরি করা ঘরবাড়ি উচ্ছেদের জন্য জেলা প্রশাসন, বন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানোর চেষ্টা চলছে।স্থানীয় লোকজন বলেন, সৈকতসংলগ্ন লাইটহাউস, আদর্শগ্রাম, সাহিত্যিকা পল্লির পাহাড়ি জমি বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি গন্ডা (দুই শতক) ১০ থেকে ৪০ লাখ টাকা। একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি অন্তরালে থেকে পাহাড় কাটার জমি ও মাটি বিক্রির রমরমা বাণিজ্য করছেন।কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, নানা চেষ্টা করেও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। বিকল্প আবাসনের ব্যবস্থা না থাকায় তিন লাখের বেশি মানুষকে পাহাড় থেকে নামানো যাচ্ছে না।