সাত দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ব্যবসায়ী আকরাম উল্লাহ হাবীবের। ২১ মে দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পাচ্ছে না কেউ। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।
আকরাম উল্লাহর স্ত্রী নীলুফা বেগম বলেন, এলিফ্যান্ট রোডের সিদ্দিকী প্লাজায় বিগ বস কম্পিউটার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল তাঁর স্বামীর। ২১ মে সকাল ১০টায় দোকানের উদ্দেশে বাসা থেকে বের হন। বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে দোকানের কর্মচারী জাবেদকে দোকানে রেখে তিনি ব্যবসায়িক কাজে বের হন। সারা দিন তাঁর সঙ্গে আর ফোনে যোগাযোগ হয়নি। রাত ১০টার দিকে ফোন করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি আত্মীয়স্বজন ও পুলিশকে জানান তিনি।
নিউমার্কেট থানার পুলিশ তাঁকে আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নেওয়ার পরামর্শ দেন। পরদিন সকালে তিনি জানতে পারেন, তাঁর স্বামী আগের দিন রাতে মিরপুরে তাঁদের এক আত্মীয়ের বাসায় ছিলেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নাশতা সেরে অফিসের কথা বলে তিনি ওই বাসা থেকে বের হন বলে ওই আত্মীয় তাঁকে জানিয়েছেন। বৃহস্পতি ও শুক্রবার সারা দিন হাসপাতাল, আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য সব জায়গায় তাঁর খোঁজ করে না পেয়ে শনিবার শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নীলুফার। এখন পর্যন্ত পুলিশও তাঁর নিখোঁজ রহস্যের কোনো কূলকিনারা করতে পারেনি।
নীলুফা বলেন, তাঁর স্বামীর ব্যক্তিগত বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো শত্রুতা ছিল না।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম নিয়াজ উদ্দিন প্রথম আলোকে জানান, সাধারণ ডায়েরি করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে তিনি নানাভাবে খোঁজখবর নিয়েছেন। তবে নিখোঁজ হওয়ার ঘটনাটি অপহরণ না অন্য কিছু, তা বোঝা যাচ্ছে না।
তবে স্বজনেরা অভিযোগ করেন, পুলিশ বিষয়টি নিয়ে গড়িমসি করছে। নিখোঁজ আকরাম উল্লাহর ফোনের অবস্থান শনাক্ত করা বা ফোনকলের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পুলিশ তেমন সক্রিয় নয় বলে তাঁরা দাবি করেন।
এ প্রসঙ্গে নিয়াজ উদ্দিন বলেন, তাঁদের থানায় কারিগরি এ বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে তিনি আন্তরিক বলেও দাবি করেন।