সাত দিনেও চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া মডেল স্কুলের সাত শিক্ষার্থী ট্রাকচাপায় নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাত দিন পরও ট্রাকচালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ট্রাকের মালিককেও শনাক্ত করতেও পারেনি প্রশাসন। ১৬ মার্চ ওই দুর্ঘটনা ঘটে।গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ট্রাকটির (চট্টগ্রাম-ন-৩৫২৯) মালিক ও চালকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।ট্রাকের কাগজপত্র যাচাই করে যে ঠিকানা পাওয়া গেছে, সে অনুযায়ী ট্রাকটি চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার অরবিন্দু সেনের ছেলে ফণীভূষণ সেনের। তবে তাঁরা ওই এলাকায় বসবাস করেন না। প্রায় ২৮ বছর আগে ওই পরিবার ভারতে চলে গেছে।নিহত শিক্ষার্থীদের বাড়িতে সৈয়দ আবুল মকসুদ: নিহত সাত শিক্ষার্থীর বাবা-মা ও স্বজনদের সঙ্গে দেখা করেছেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। বুধবার বিকেলে তিনি উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে নিহত শিক্ষার্থীদের বাড়িতে যান। তিনি শিক্ষার্থীদের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের কাছে সমবেদনা জানান।