সাত দিনেও পরিচয় মেলেনি সেই হতভাগা বাসযাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী ‘হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’ বাসে পুড়ে মারা যাওয়া সেই যাত্রীর পরিচয় এক সপ্তাহেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অজ্ঞাতপরিচয় যাত্রী হিসেবে লাশ শনাক্ত করে ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে দায়ের করা হত্যা মামলার সূত্রে সিলেট বিভাগের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে পুলিশ। কিন্তু গতকাল রোববার ঘটনার এক সপ্তাহ পার হলেও পরিচয় বের করতে পারেনি।১৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সিলেটমুখী ওই বাসে ৫৩ জন যাত্রী ছিল। বাসে আগুনে পুড়ে শনাক্তহীন অবস্থা হওয়ায় এক যাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন থানায় এবং পরদিন হাসপাতাল মর্গে রেখে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়।এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক হারুন মজুমদার বাদী হয়ে দায়ের করা হত্যা মামলার সূত্র ধরে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা ঢাকা-সিলেট মহাসড়কের সব পথ ও বিভিন্ন থানায় খোঁজ শুরু করেন। ঘটনার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আনুমানিক চল্লিশোর্ধ্ব বয়সের নিহত ওই বাসযাত্রীর আলোকচিত্র সংগ্রহে রেখে খোঁজ নেওয়া হচ্ছে। হত্যার আলামত হিসেবে কিছু ছাইভস্ম ও জুতা রাখা হয়েছে।মামলার বাদী হারুন মজুমদার বলেন, ‘আমি একটানা তিন দিন হয় সিলেটের বিভিন্ন জায়গায় খোঁজ করছি। কিন্তু মানুষটির কোনো আলামত না থাকায় শুধু মুখের কথা আর একটি মাত্র গাড়ির যাত্রী ধরে খোঁজ করা কষ্টকর হয়ে পড়েছে। পরিবহন সেক্টরের সঙ্গে সম্পৃক্ত সবাইকেই এ ব্যাপারে অবহিত করা হয়েছে।’সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ জানান, পুলিশ তাঁদের কাছেও সহায়তা চাওয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলকারী পরিবহনগুলোর চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বলে রাখা হয়েছে। তবে গতকাল পর্যন্ত এ সংক্রান্ত কোনো খবর মেলেনি।দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক ও মামলার বাদী তদন্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, সিলেট বিভাগের সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও পরিচয় না পাওয়ায় গতকাল সারা দেশের থানাগুলোতে পুলিশের ওয়্যারলেসবার্তা পাঠানো হয়েছে।‘এই ভাবে মারব বইলা কি যুদ্ধ করছিলাম?’ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী হবিগঞ্জ সুপার এক্সপ্রেস বাসে পুড়ে মাথা থেকে পা পর্যন্ত ক্ষত হয়ে আছে। বাসের জানালা দিয়ে লাফিয়ে নামায় মেরুদণ্ডের হাড়ে গুরুতর আঘাত পেয়ে সিলেটের বদিকোনা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৬৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী। গতকাল আহত ব্যক্তিদের খোঁজ নিতে গিয়ে দেখা গেছে, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা মকবুলকে শয্যা থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সামাদ আজাদ মুক্তিযোদ্ধা মকবুলের চিকিৎসা প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘তাঁর শরীরের বিভিন্ন স্থানে পোড়ার ক্ষত আছে। এ ছাড়া গাড়ি থেকে লাফ দিয়ে নামতে গিয়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। এ আঘাতের জন্য তাঁর স্বাভাবিক নড়াচড়া সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।’গতকাল হাসপাতালে মকবুলের মুখোমুখি হলে তিনি কেঁদে ফেলেন। শারীরিক যন্ত্রণার চেয়ে ভারী তাঁর দেখা সেই বাস পোড়ানোর দৃশ্য। নিজের মুক্তিযোদ্ধা পরিচয় সূত্রে প্রশ্ন তুলে বলেন, ‘এই ভাবে মারব বইলা কি যুদ্ধ করছিলাম?’মকবুল তৃতীয় তলার ১২ নম্বর ওয়ার্ডের ৪৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন। অন্যের সাহায্য ছাড়া উঠতে পারেন না। আগুনে পুড়ে গেছে তাঁর হাত-পায়ের আঙুল, ডান হাত ও মাথার একাংশ। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, চারটি সেলাই দিতে হয়েছে।মকবুল হোসেন বলেন, ‘দেশের জন্য অস্ত্র ধরেছি, যুদ্ধ করেছি। অথচ দেশের কিছুসংখ্যক বিপথগামী যুবক মানুষ পুড়িয়ে মারতে চেয়েছিল। এরা তো আমাদেরই সন্তান, কিন্তু আমরা তো এমন সন্তান চাই না। এ রকম দেশ আমরা চাইনি। যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের উপযুক্ত বিচার চাই।’সেদিন যে লোকটি মারা গেছেন, তাঁর সম্পর্কে কিছু জানেন কি না—জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ঠিক বলতে পারছি না কোন লোকটি মারা গেছে। আর চেনার কথাও তো নয়। আমরা ওই দিন প্রায় ৫৩ জন যাত্রী ছিলাম, আরও ১০-১৫ জন দাঁড়িয়ে যাচ্ছিলেন। বদিকোনা এলাকায় আসার পরপর ওই যুবকেরা আমাদের গাড়ি থামায়। মধ্যবয়সী মনে হয়েছে, দেখে শিক্ষিত মনে হয়েছে।’মকবুল হোসেনের ছেলে আকবর হোসেন বলেন, ‘ওই দিন বাবা আসবেন শুনে মাসহ অন্য ভাইবোনেরা অপেক্ষা করছিলাম। কিন্তু এ ধরনের কথা আমাদের কল্পনাতেও ছিল না। এই বৃদ্ধ বয়সে তাঁকে প্রচণ্ড কষ্ট সইতে হচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে যখন তিনি যন্ত্রণায় চিৎকার করেন, তখন প্রাণটা যেন উড়ে যায়। আমরা দোষীদের শাস্তি চাই।’