সাত দিনেও বাঁধ সংস্কার হয়নি, পানিবন্দী মানুষের ভোগান্তি
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তিন গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। ৭ সেপ্টেম্বর দুপুরে জোয়ারে ভোলা শহররক্ষা বাঁধের জমাদ্দারবাড়ি অংশের প্রায় ১০০ মিটার ভেঙে পূর্ব ধনিয়া, পশ্চিম ধনিয়া ও তুলাতলি গ্রাম প্লাবিত হয়।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই বাঁধ এখনো সংস্কার করতে পারেনি। ১০ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে ভূমিকম্প হওয়ায় জোয়ারের পানি আগের দিনের তুলনায় তিন ফুট বৃদ্ধি পায়। এতে পানিবন্দীদের ভোগান্তি আরও বাড়ে। এলাকাবাসীর অভিযোগ, পাউবো ও ঠিকাদারের অবহেলায় বাঁধ সংস্কার করা হয়নি।মোসলেহ উদ্দিন বেপারীবাড়ির বাসিন্দা পানিবন্ধী মাহবুবুল হক জানান, রান্নার অভাবে প্রথম দুই দিন তাঁর পরিবার ভাত খেতে পারেনি। পানির আতঙ্কে ওই পরিবারগুলো গত সাত রাতে দুই চোখের পাতা এক করতে পারেনি। তিনি বলেন, ‘আমগো মরোনের প্রস্তুতি আছিল, ঈদের আছিল না। গলাসমান পানিত জীবোন যায়, আবার ঈদ! ঈদ অইলো ঠিকাদার আর অফিসারগো।’৮ সেপ্টেম্বর দেখা যায়, পূর্ব ধনিয়ার আবু সরদারের বাড়ির কাছে বাগানের মধ্যে ৩০ জন শ্রমিক ভাটা শুরু হওয়ার পর থেকে মাটি কেটে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। দুপুর দুইটা পর্যন্ত বাঁধে ১০-১২ হাত মাটি ফেলেন তাঁরা। এরই মধ্যে জোয়ারের পানিতে আবার ওই বাঁধ ধুয়ে যায়।ঠিকাদার ও পাউবো দায়ীপানিবন্দী মো. ইয়াসিন ছৈয়াল, মো. ইউনুস, হারুন গোলদার, শাহ আলম বেপারী অভিযোগ করেন, সাত দিন পানিবন্দী অবস্থায় থাকার জন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায়ী। গত বর্ষা মৌসুম থেকেই এলাকাটি ভাঙনকবলিত। প্রতিবছর শুকনো মৌসুমে বাঁধ না দিয়ে বর্ষাকালে কোটি কোটি টাকা খরচ করে ঠিকাদার পকেট ভরছেন। এবারও হয়েছে তাই।পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ফজলে এলাহী প্রথম আলোকে বলেন, ‘ভেঙে যাওয়া ভোলা শহররক্ষা বাঁধের ৫৮০ মিটার জরুরি ভিত্তিতে নির্মাণের জন্য কার্যাদেশ হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে। জরুরি কাজ ১০-১২ দিনের মধ্যে শেষ হওয়ার কথা।ঠিকাদার মিলন, হানিফ, মুন্না ও রিজভী জানান, এলাকাবাসী মাটি না দেওয়ায় সঠিক সময়ে বাঁধ নির্মাণ সম্পন্ন হয়নি। ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের চেষ্টা চলছে।নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘বাঁধ নির্মাণ ও সংস্কারে আমরা ব্যর্থ হয়েছি ঠিকাদারের কারণে। এতে ধনিয়ার মানুষ কষ্ট পেয়েছে। ঠিকাদারদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’