সাত দিনেও লঞ্চের খোঁজ নেই
মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া এমএল পিনাক-৬ লঞ্চটির সন্ধান এখনো মেলেনি। আজ রোববার সকাল থেকে সপ্তম দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানান, গতকাল শনিবার মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে পদ্মার তলদেশে একটি অজ্ঞাত বস্তুর অবস্থান ধরা পড়ে অনুসন্ধানকারী নৌযান কান্ডারি-২-এর ইকো সাউন্ডার নামের যন্ত্রে। ওই অজ্ঞাত বস্তুটির আকার ডুবে যাওয়া লঞ্চটির সমান।
তবে বস্তুটি ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ কি না, সে ব্যাপারে আজ সকাল পর্যন্ত কোনো ঘোষণা আসেনি।
কান্ডারি-২-এ থাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মনজুরুল করিম চৌধুরী গতকাল বলেন, ‘আমরা এখন এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছি।’
উদ্ধার অভিযান পরিচালনাকারী নৌবাহিনীর ক্যাপ্টেন নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ১০টি জাহাজ উদ্ধারকাজ চালাচ্ছে। আমরা আশাবাদী, খুব শিগগির হয়তো ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার হবে।’
গত সোমবার কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে তিন শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চের অবস্থান জানতে ছয় দিন ধরে পদ্মার ৫০ বর্গকিলোমিটার এলাকায় অভিযান চলছে।
লঞ্চডুবিতে এখনো নিখোঁজ রয়েছে ৬৪ জন। ৪৬টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২৮ জনের পরিচয় মিলেছে। ১৫ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।