সাত দিনেও সন্ধান মেলেনি গোবিন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোবিন্দ চন্দ্র সরকার
গোবিন্দ চন্দ্র সরকার

বেলা তিনটায় মুঠোফোনে ছেলেকে বললাম, পূজা উপলক্ষে একটি হাঁস ও দুটি নারকেল কিনতে হবে। এর বেশি ছেলের কাছে আবদার করলে পাওয়া যাবে না। কারণ, চাকরিতে সে বেশি টাকা পায় না। কিন্তু এই কথা বলার পর থেকে ছেলের মুঠোফোন বন্ধ। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
একমাত্র ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২২) নিখোঁজ হওয়ার সাত দিন পরও সন্ধান না পাওয়ায় গতকাল সোমবার কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন তাঁর মা গীতা রানী সরকার। তাঁদের বাড়ি জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে।
গোবিন্দর বাবা বিষ্ণু চন্দ্র সরকার বলেন, উচ্চমাধ্যমিক পাস করা ছেলে দেড় বছর ধরে রংপুর শহরের ধাপে অবস্থিত গুড লাইফ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে চাকরি করেন। সেখানেই তাঁর বসবাস। ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিষ্ণু চন্দ্র সরকার বলেন, ‘ছেলের খোঁজ পাচ্ছি না। মোবাইল ফোনও বন্ধ। এখন আমরা কার কাছে যাব, কী করব, কিছুই বুঝে উঠতে পারছি না।’
গুড লাইফ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের স্বত্বাধিকারী আহসান ইউসুফ বলেন, ওই দিন ওষুধ আনতে গিয়ে আর ফেরেননি গোবিন্দ। তাঁরাও তাঁকে অনেক খোঁজাখুঁজি করছেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কিছু উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি।