সাত দিনের অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দুদকের
সাত দিনের মধ্যে পুলিশের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শেষ করার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই বছরের বেশি সময় পার হয়ে গেলেও এ বিষয়ে অনুসন্ধান শেষ হয়নি। আজ সোমবার কমিশন এ বিষয়ে সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তাকে নির্দেশ দেয় বলে দুদক সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সহকারী মহাপুলিশ পরিদর্শক নূরুল আনোয়ারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১০০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের উপপরিচালক এ কে এম ফজলুল হক অভিযোগটির অনুসন্ধান করছেন। ২৭ মাসেও অুনসন্ধান কর্মকর্তা এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে পারেননি।
২০১৩ সালের ৫ আগস্ট জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শেখ জয়নুদ্দিনের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেন দুদকের উপপরিচালক আবদুস সোবহান। কিন্তু ১৬ মাসেও তা শেষ হয়নি।
অনুসন্ধান প্রতিবেদন জমা দিতে দীর্ঘসূত্রতার জন্য ক্ষোভ প্রকাশ করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।