সাত দিনের কাজ সম্পন্ন হয় পাঁচ মিনিটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বছর খানেক আগেও দালাল ও অফিসের কর্মচারীদের ৫০০ থেকে ৬০০ টাকা ঘুষ দিয়ে মাসের পর মাস কালেক্টরেটের বারান্দায় ঘুরে ঘুরে জমির পরচা বা নকল জোগাড় করতে হতো, এখন ৩০ টাকা দিয়ে আবেদন করে তিন দিনের মধ্যি তা পাইয়ে যাচ্ছি।’ সম্প্রতি যশোর কালেক্টরেটের ই-সেবাকেন্দ্রে পরচার জন্য আবেদন করতে আসা সত্তরোর্ধ্ব কৃষক নূর মোহাম্মদ প্রথম আলোর কাছে এভাবেই তাঁর অনুভূতি প্রকাশ করেন। এ ব্যাপারে ই-সেবাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় মজুমদার প্রথম আলোকে বলেন, জমির পরচা বা নকল পাওয়ার জন্য গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বেশি ভোগান্তিতে পড়তে হয়। এখন তাঁরা ইচ্ছা করলে ইউনিয়ন পরিষদে বসেই এটি সংগ্রহ করতে পারেন। এর জন্য তাঁকে সরকারের নির্ধারিত কোর্ট ফি দিয়ে ইন্টারনেটের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার সময় তাঁকে এসএমএসের (খুদেবার্তা) মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তিনি পরচাটি কবে পাবেন। তবে তিন থেকে সাত দিনের মধ্যে প্রাপ্তি নিশ্চিত করা হয়। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যশোর জেলার আট উপজেলার ৯১টি ইউনিয়ন পরিষদে ই-সেবাকেন্দ্র চালু করা হয়েছে। কৃষকেরা ওই সেবাকেন্দ্রের মাধ্যমে স্বল্পসময়ের মধ্যে জেলা প্রশাসনের (ডিসি) দপ্তর থেকে যাবতীয় তথ্য পাচ্ছেন। এর জন্য জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইটে (www.dcjessore.gov.bd) ঢুকে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হয়। ওই ওয়েবসাইট থেকেই ঘরে বসে আবেদনের অগ্রগতি সম্পর্কে জানার ব্যবস্থা আছে। এতে মানুষের ভোগান্তি যেমন দূর হয়েছে, তেমনি অর্থ সাশ্রয় হচ্ছে ।’যশোর কালেক্টরেট সূত্রে জানা গেছে, ই-সেবাকেন্দ্র চালু হওয়ার আগে কালেক্টরেট থেকে কোনো তথ্যসেবা পেতে হলে প্রথমে কালেক্টরেটের কেন্দ্রীয় গ্রহণ শাখায় আবেদন জমা দিতে হতো। এরপর ওই আবেদনটি জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক ও শাখা কর্মকর্তার হাত ঘুরে প্রধান সহকারীর মাধ্যমে ফাইলে নথিভুক্ত করা হতো। এরপর ডিসির সিদ্ধান্তের জন্য ফাইলটি আবার তাঁর টেবিলে এবং সেখান থেকে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হতো। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে মধ্যখানে কেটে যেত সাত থেকে আট দিন। এখন আবেদনটি ই-সেবাকেন্দ্রে গ্রহণ হওয়ার পর পরই স্বয়ংক্রিয়ভাবে ডিসির ই-মেইল আইডির ইনবক্সে ঢুকে যায়। তিনি দপ্তরে না গিয়েও যেকোনো জায়গায় বসে কয়েকটি ক্লিক করেই তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন। এতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে যশোর জেলায় পরীক্ষামূলক এ পদ্ধতি চালু করা হয়।সম্প্রতি মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদের ই-সেবাকেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা গেছে, সেবাকেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সেখানে স্বল্পখরচে গ্রামের স্কুল-কলেজপড়ুয়া তরুণ-তরুণীরা কম্পিউটারের প্রশিক্ষণ নিচ্ছেন। তথ্যসেবা নেওয়ার জন্য অনেকে কেন্দ্রে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, ‘জমির পরচা ও নকল এখানে বসেই আমরা পেয়ে যাচ্ছি। তবে কৃষি ও স্বাস্থ্যবিষয়ক তথ্য আমাদের বেশি দরকার হয়। যেটি এখনো চালু করা হয়নি।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, খুব শিগগির মোবাইল ব্যাংকিংসুবিধা, স্বাস্থ্য, কৃষি ও জীবন বিমা-সংক্রান্ত তথ্যসেবা চালু করা হবে। সরকারি পৃষ্ঠপোষকতায় দুজন উদ্যোক্তার মাধ্যমে ইউনিয়ন ই-সেবাকেন্দ্র থেকে গ্রামের মানুষকে তথ্যসেবা দেওয়া হচ্ছে। ইউএনও জানান, কম্পিউটারের ছয় মাসের প্রশিক্ষণ নিলে সনদপত্র দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা স্বল্পসময়ের মধ্যে এ কেন্দ্রের মাধ্যমে জমির পরচা ও নকল তোলা, কয়েক মিনিটের মধ্যে ছবি তোলা, অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত তথ্য জানা, পাসপোর্ট, নানা ধরনের সনদসহ, কাগজপত্র স্ক্যানিং করে দেশ-বিদেশে পাঠানোর মতো সুযোগও পাচ্ছেন তাঁরা । এ ব্যাপারে ইউনিয়ন ই-সেবাকেন্দ্রের উদ্যোক্তা আসাদুল হক প্রথম আলোকে জানান, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ই-সেবাকেন্দ্র খোলা থাকে। সরকার-নির্ধারিত ফির বাইরে প্রত্যেকের কাছ থেকে কাজের জন্য ১০ থেকে ২০ টাকা করে নেওয়া হয়। এ টাকা থেকেই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হয়। সরকার থেকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষ ও ডেক্সটপ পিসি, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়েছে। ইউনিয়ন ও সরকার থেকে বেঁধে দেওয়া টাকায় জনগণের সেবা নিশ্চিত করা হয়। কারা উদ্যোক্তা হতে পারবেন, জানতে চাইলে প্রধানমন্ত্রী দপ্তরের যোগাযোগ সংগঠক (কমিউনিকেশন অ্যাসোসিয়েট) হাসান বেনাউল ইসলাম বলেন, যিনি ন্যূনতম ৫০ হাজার টাকা সেবাকেন্দ্রে বিনিয়োগ করতে পারবেন, তিনি উদ্যোক্তা হতে পারবেন। তিনি বলেন, এ মাসের মধ্যে সারা দেশের ইউনিয়নগুলোতে ই-সেবাকেন্দ্র চালু করা হবে। উদ্যোক্তা আসাদুল হক বলেন, পরচা বা নকলের আবেদনের পর কোর্ট ফি ডাকযোগে যশোর কালেক্টরেটে পাঠাতে হয়। এতে এক থেকে দুই দিন সময় নষ্ট হয়। মুঠোফোনের মাধ্যমে সরকারের ওই ফি জমা দেওয়ার ব্যবস্থা করা হলে এ সময়ও বাঁচানো যাবে। ভোগান্তিও কমবে। তিনি জানান, এ সেবাকেন্দ্র থেকে প্রতিদিন অন্তত ১৫ জন সেবা নিচ্ছেন। এলাকায় বিদ্যুতের সংকট রয়েছে। ইন্টারনেটের গতিও অনেক কম। এ সমস্যার সমাধান করা গেলে জনগণের সেবা পাওয়া আরও সহজ হবে।