সাত দিনের জায়গায় তিন মাসেও মিলছে না সনদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে কৃষি ব্যাংকের কর্মকর্তা উৎপল পাল পদোন্নতির জন্য জরুরি ভিত্তিতে সনদ তুলতে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন গত নভেম্বরের ২০ তারিখ।
জরুরি ভিত্তিতে সনদের জন্য আবেদন করায় সাত দিনের মধ্যে সনদ পাওয়ার কথা ছিল। কিন্তু চারবার কর্মস্থল কক্সবাজার থেকে বিশ্ববিদ্যালয়ে সনদের জন্য আসার পর অবশেষে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক নিকটাত্মীয়ের সহায়তায় তিনি সনদ পান।
উৎপল পাল ক্ষোভের সঙ্গে বলেন, ‘জরুরি ভিত্তিতে আবেদন করায় আমার সাত দিনের মধ্যেই সনদ পাওয়ার কথা ছিল। কিন্তু দায়িত্বরত কর্মকর্তারা বারবার আমাকে আজ আসুন-কাল আসুন বলে তিন মাস ঘুরিয়েছে। সনদ পাওয়ার এ দীর্ঘসূত্রতার কারণে আমার পদোন্নতির ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়ে গেল।’
শুধু উৎপল পাল নয়, সনদ ও নম্বরপত্রের জন্য আবেদন করেও নির্ধারিত সময়ে না পেয়ে প্রতিদিন একই ভোগান্তির শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে পাস করে যাওয়া ও বর্তমান শিক্ষার্থীরা।
সনদ শাখায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের অলসতার কারণেই মূলত এ বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে নির্ধারিত সময়ে সনদ না পেয়ে অনেক শিক্ষার্থী চাকরির নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে এমনকি বিদেশ যাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।
স্বাভাবিক নিয়মে আবেদনকারীকে সাময়িক সনদের জন্য ৪০০, মূল সনদের জন্য ৮০০ এবং জরুরি সনদের জন্য এক হাজার ২০০ টাকা ব্যাংকে পে-অর্ডার করতে হয়। অথচ জরুরি ভিত্তিতে সনদ দেওয়ার জন্য বেশি টাকা নিলেও অনেক দেরিতে মিলছে সনদ।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি সঠিক সময়ে সনদ দিতে। আবেদনপত্রের বিভিন্ন ভুলের কারণেও দেরি হয়। এ ছাড় কর্মকর্তা-কর্মচারীদের কারণেই মূলত দেরি হয়ে থাকে। আমি এটা কঠোর হস্তে দমন করার উদ্যোগ নিয়েছি।’
এদিকে দেশব্যপী ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়া শুরু হলেও এখনো সেকেলে রয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই যুগেও বিশ্ববিদ্যালয়ে হাতে লেখা নম্বরপত্র ও সনদ দেওয়া হচ্ছে। অথচ চার-পাঁচ বছর আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে নম্বরপত্র ও সনদ দিয়ে আসছে। উদ্যোগ নিলেই ডিজিটাল পদ্ধতিতে সনদ বিতরণ কোনো ব্যাপারই নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।