সাত দিনের তদন্ত শেষ হয়নি ৫০ দিনেও
চট্টগ্রাম মেরিন একাডেমির ক্যাডেট এ এইচ এম মাসুদ কায়সারের মৃত্যুর ঘটনার তদন্ত দেড় মাসেও শেষ করতে পারেনি দুটি তদন্ত কমিটি। তদন্তকাজে ধীরগতির কারণে মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ বাড়ছে নিহতের পরিবারের সদস্যদের।মেরিন একাডেমির তথ্যানুযায়ী, গত ২৭ এপ্রিল মেরিন একাডেমির প্রশিক্ষণের কাজে ব্যবহূত হ্রদের পানিতে ডুবে ক্যাডেট মাসুদ কায়সারের মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, হ্রদের ছয় ফুট পানিতে পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার মাসুদ কায়সার তলিয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। আবার দুর্ঘটনার সময় তাঁর কাছাকাছি তিনজন সহপাঠী থাকার পরও কেউ চিৎকার করেননি বলে অভিযোগ পরিবারের। এমন কয়েকটি ঘটনায় এই মৃত্যু মেনে নিতে পারছে না নিহতের পরিবার। সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তর ২৯ এপ্রিল নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। কিন্তু গত দেড় মাসেও প্রতিবেদন জমা দেয়নি কমিটি। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান মো. শফিকুল ইসলাম গত রোববার বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন এখনো আমরা পাইনি। এ কারণে প্রতিবেদন জমা দেওয়া যাচ্ছে না।’ তবে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘তদন্ত কমিটি আমাদের কাছে ময়নাতদন্ত প্রতিবেদন চায়নি।’ একইভাবে মেরিন একাডেমিও ঘটনার দিন নটিক্যাল স্টাডিজের প্রধান ক্যাপ্টেন কাজী এ বি এম শামীমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়। কিন্তু এই কমিটিও প্রতিবেদন জমা দেয়নি। মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেনের মুঠোফোনে তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে সংযোগ কেটে যায়। এরপর যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তাঁর মতামত জানা যায়নি। পুলিশ জানায়, মেরিন একাডেমি তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় এ ঘটনায় থানায় দায়ের করা অপমৃত্যু মামলার অগ্রগতি হচ্ছে না। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি বলেন, ‘মামলাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে মেরিন একাডেমির তদন্ত প্রতিবেদন হাতে পাইনি। এটি হাতে পেলে অপমৃত্যু মামলার কাজ শেষ করা যাবে।’ নিহত ক্যাডেটের বাবা মো. মাইনুল ইসলাম গতকাল সোমবার বলেন, ‘ছেলের মৃত্যুর ঘটনা ও কারণ নিয়ে একেক সময়ে একেক রকম খবর পাচ্ছি। ছেলে হারানোর শোক কত কঠিন, সেটি বলে বোঝানো যাবে না। এখন এই ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তি দাবি করছি। এই ঘটনার দায়দায়িত্ব মেরিন একাডেমিকেও নিতে হবে।’