সাত দিনের নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ১৯৮৯ সালে জন্ম নেওয়া নাট্য সংগঠন ভোলা থিয়েটার ২৬ বছরে পা দিয়েছে। সংগঠনটির জন্মদিন উপলক্ষে ভোলা বাংলা স্কুলের মাঠে ‘জীবনের ঝরাপাতা উড়িয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও!’ স্লোগানে গতকাল শুক্রবার শুরু হয়েছে সাত দিনব্যাপী নাট্যোৎসব।
সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা। জাতীয় সংগীতের সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় ও সংগঠনের পতাকা।
আলোচনা পর্বে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, পুলিশ সুপার মনিরুজ্জামান, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, নাট্যব্যক্তিত্ব বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল, বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্বাহী সদস্য শুভংকর চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক আবু তাহের মিয়া, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম প্রমুখ।
মো. সেলিম রেজা বলেন, ভোলার মতো দ্বীপ-জেলার নাটকের একটি সংগঠন ভোলা থিয়েটার ২৫ বছর পার করেছে, নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে সুনামের সঙ্গে।
আলোচনা শেষে বরিশাল থেকে আসা সংগঠন ‘নৃত্যাঙ্গন’ উপকূলকে উপজীব্য করে কোরিওগ্রাফি প্রদর্শন করে, যার নির্দেশনায় ছিলেন মুরাদুজ্জামান খান। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের নাটক মঞ্চস্থ হবে বাংলা স্কুলের ভাসানী মঞ্চে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশাল শোভাযাত্রা ভোলা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় সংগঠনের নতুন-পুরোনো সংগঠক-কর্মী, অভিনেতা, দর্শক, শিক্ষক, আমলা, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।