পাঁচ বছর পর খাদ্যনিরাপত্তা উপদেষ্টা পরিষদের বৈঠক
সাত দিনের মধ্যে খাদ্যপণ্যে ভেজালবিরোধী অভিযান
খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী অভিযান পরিচালনা এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক কার্যাদি দেখভালের লক্ষ্যে ২০০৫ সালে জাতীয় খাদ্যনিরাপত্তা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল। একই বছরের ২৭ নভেম্বরে পরিষদের প্রথম বৈঠক হয়। প্রায় পাঁচ বছর পর গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিষদের দ্বিতীয় বৈঠক হলো। বৈঠকের অন্যতম আলোচ্যসূচি ছিল আগের বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা। পরিষদের সদস্যসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) প্রশান্ত ভূষণ বড়ুয়া এ সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর আগের সিদ্ধান্ত। বুঝতেই পারছেন, অগ্রগতি আর অনগ্রগতি কী বা কতটুকু?’ গতকালের বৈঠকে আগামী সাত দিনের মধ্যে সারা দেশে খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। আগামী মার্চের মাঝামাঝিতে পরিষদের আরেকটি বৈঠক হবে। সে বৈঠকে ভেজালবিরোধী অভিযান এবং আমদানি ও রপ্তানি করা খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এ ছাড়া প্রতি তিন মাস পরপর জাতীয় খাদ্যনিরাপত্তা উপদেষ্টা পরিষদের বৈঠক করারও সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে কাজের মূল্যায়ন নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ পিউর ফুড (সংশোধন) আইনের আওতায় ১৭ সদস্যবিশিষ্ট জাতীয় খাদ্যনিরাপত্তা উপদেষ্টা পরিষদ গঠিত হয় ২০০৫ সালে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী পদাধিকার বলে পরিষদের চেয়ারম্যান। অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার, সংস্থাপন, কৃষি, খাদ্য, বাণিজ্য, স্বরাষ্ট্র, শিল্প, বন ও পরিবেশ এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য ও পরিপুষ্টি বিভাগ এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ঢাকার জেলা প্রশাসক।গতকালের বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি কারিগরি উপকমিটি গঠন করে পরিষদের পরবর্তী বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত হয়। বৈঠকে কারিগরি উপকমিটির আহ্বায়কসহ অন্য বিশেষজ্ঞদের নিয়ে কেন্দ্রীয়ভাবে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক সাংবাদিকদের বলেন, আগামী সাত দিনের মধ্যে সারা দেশে ভেজালবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হবে। মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র জানায়, পরিষদের প্রথম বৈঠকে ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী মহানগর এলাকায় এবং ৬৪টি জেলাকে পিউর ফুড কোর্ট এলাকা হিসেবে ঘোষণা করা। সিটি করপোরেশনগুলোতে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের পিউর ফুড কোর্ট অনুযায়ী দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়া। চারটি মহানগর এলাকায় ও প্রতিটি জেলায় প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেটের সংখ্যা নির্ধারণ, বিএসটিআইয়ে ম্যাজিস্ট্রেট পদায়ন, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরও বিচারিক ক্ষমতা অর্পণ এবং ঢাকা সিটি করপোরেশনে ১০টি ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টির পদক্ষেপ নেওয়া। এতসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও এসব কেবল সংস্থাপন মন্ত্রণালয়ে পত্র পাঠানোর মধ্যেই পরিষদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। কার্যত কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয়নি। গতকালের বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাড়া সংশ্লিষ্ট নয়টি মন্ত্রণালয়ের সচিব এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।