সাত দিনের মধ্যে খুলনার খান-এ-সবুর রোডের নাম পরিবর্তনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের ‘খান-এ-সবুর রোড’-এর নাম প্রত্যাহার করে ‘যশোর রোড’ নামটি ফিরিয়ে আনতে আদালতের দেওয়া নির্দেশনা সাত দিনের মধ্যে বাস্তবায়ন করতে বলেছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদেশ বাস্তবায়ন করে খুলনা সিটি করপোরেশনের মেয়রকে ৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে।

গত ২৫ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ খুলনার খান-এ-সবুর রোডের নাম প্রত্যাহার করে আগের ‘যশোর রোড’ নাম ব্যবহার করতে খুলনার মেয়রকে নির্দেশ দেন। এরপর ১ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সব খানে সবুর খানের ভক্ত?’ শীর্ষক একটি প্রতিবেদন গত রোববার আদালতের নজরে আনেন আবেদনকারীপক্ষের আইনজীবী। ওই প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশনার পরও দেশের বিভিন্ন স্থাপনা থেকে যুদ্ধাপরাধীদের নাম সরানোর পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে গতকাল আদালতে শুনানি করেন আবেদনকারীপক্ষের আইনজীবী এ কে রাশেদুল হক। পরে তিনি সাংবাদিকদের বলেন, খুলনা সিটি করপোরেশন বলেছে, তারা হাইকোর্টের আদেশ পাননি। এ জন্য আদালত সাত দিনের মধ্যে আদেশ বাস্তবায়ন করে তাদের প্রতিবেদন জমা দিতে বলেছেন।