রাজধানীর শাহজাদপুরে গুলশান-বারিধারা লেকের অংশে বালুর বস্তা ফেলে ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। জনস্বার্থে এ রিট আবেদনটি করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
আদেশে আরও বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন (কমপ্লায়েন্স) আদালতে জমা দিতে হবে। এ ছাড়া গুলশান লেকে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কাউকে অনুমতি না দেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দেন। পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, শাহজাদপুর থানার ওসি আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি শুনানিতে বলেন, জলাধার সংরক্ষণ আইনের ৫ ধারায় নদ-নদী, খাল, জলাধারের বৈশিষ্ট্য পরিবর্তনে বিধিনিষেধ আছে। এ ছাড়া ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে জলাধার ভরাট বেআইনি। তারপরও গুলশান লেকের শাহজাদপুর এলাকায় লেকের জায়গায় স্থাপনা নির্মাণ ও ভরাট করা হয়েছে। গণমাধ্যমে এ খবর এসেছে। গত ১৫ জুন প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘গুলশান লেকের পাড়ে নতুন স্থাপনা’! শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।