সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে মোটরসাইকেল ছেড়ে দেওয়ার ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক গত শনিবার সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবীরকে ওই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন।
তবে গতকাল সোমবার পর্যন্ত ওই ঘটনার তদন্ত শুরু হয়নি। সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর মুঠোফোনে বলেন, ‘একটু ব্যস্ততার কারণে তদন্তকাজ শুরু করতে পারিনি। তবে শিগগিরই তা করব।’
শনিবার প্রথম আলোয় ‘ঘুষ নিয়ে মোটরসাইকেল ছাড়লেন ওসি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি এলাকায় আলোচিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে বদরগঞ্জ থানার পুলিশের একাধিক কর্মকর্তা জানান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিমের মধ্যস্থতায় ৭৮ হাজার টাকা ঘুষ নিয়ে ওসি জাহেদুর রহমান চৌধুরী মোটরসাইকেল ছেড়েছেন৷ এতে পুলিশের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী বলেন, জুয়ার আস্তানা থেকে আটক ছয়টি মোটরসাইকেল ছেড়ে দেওয়া সম্পর্কে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে পুলিশ কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্যই প্রমাণ করে, তাঁরা ঘুষ নিয়েছেন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী বলেন, ‘এ বিষয়ে এএসপির সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে থানার এএসআই আবদুর রহিমের বিরুদ্ধে নিয়মিত নেশা করাসহ অনেক অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি অনেক আগে ওসি সাহেবকেও আমি জানিয়ে সতর্ক করেছিলাম।’
৮ মে বদরগঞ্জ থানার পুলিশ বদরগঞ্জ-মিঠাপুকুর সীমান্ত এলাকার নাগেরহাটসংলগ্ন কাঠগড়া নদীর পাড়ে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে নিবন্ধনহীন ছয়টিসহ মোট সাতটি মোটরসাইকেল জব্দ করে৷ ঘটনাটি আদালতকে না জানিয়ে গত ২২ থেকে ২৮ মের মধ্যে ৭৮ হাজার টাকা ঘুষ নিয়ে ছয়টি মোটরসাইকেল ছেড়ে দেন ওসি জাহেদুর রহমান চৌধুরী।