সাত দিনের মধ্যে না সরালে বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় সরকারি খাস জমি ও সড়ক দখল করে নির্মিত ছয়তলা ‘সিটি মার্কেট’ সাত দিনের মধ্যে না সরালে ভবনসহ যাবতীয় মালামাল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মতিন স্বাক্ষরিত নোটিশে এ কথা উল্লেখ রয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদকে ওই নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, ‘আপনি (প্রধান নির্বাহী কর্মকর্তা) সরকারি মালিকানাধীন ভূমি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। আপনার এ ধরনের কার্যকলাপ প্রচলিত সরকারি আইন ও বিধিবিধানের পরিপন্থী। এমতাবস্থায় এ নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে বহুতল ভবন সরিয়ে ভূমির দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এ নির্দেশ পালনে ব্যর্থ হলে কোনো প্রকার নোটিশ ছাড়া ১৯৭০ সালের সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ভবন (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ৫ (২) ধারা মতে আপনাকে উচ্ছেদ করা হবে এবং ৮ ধারা অনুযায়ী ভূমির উপর অবৈধভাবে নির্মিত বহুতল ভবনসহ যাবতীয় মালামাল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।’ গতকাল মঙ্গলবার ওই নোটিশ সিটি করপোরেশনে পৌঁছেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।