সাত দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় সাত দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে ১৬ সেপ্টেম্বর পৌরসভা কার্যালয় অবরোধ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ওই সময় কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীকে পৌর কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। এর পরও নির্বাচনের তারিখ ঘোষণা না হলে উপজেলা সদরে লাগাতার হরতাল পালন করা হবে এবং পৌর কর প্রদান বন্ধ করে দেওয়া হবে।
গতকাল সোমবার স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে বিক্ষুব্ধ পৌরবাসীর উপস্থিতিতে ‘নাগরিক সংগ্রাম পরিষদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও নাগরিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম। এ সময় নাগরিক সংগ্রাম পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ও নাছির উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ও নাগরিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভা নির্বাচন বানচালের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরাসরি জড়িত। তিনিই ভুয়া ভোটার হাতেম আলীর নাম ব্যবহার করে এ পৌরসভায় যাতে নির্বাচন না হতে পারে, সে জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছেন।’
জিয়াউল হক মুঠোফোনে বলেন, ‘আমার ভাবমূর্তি ক্ষুণ্ন এবং আমাকে জনবিচ্ছিন্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগ প্রমাণ করতে পারলে জনসমক্ষে আমার বিচার হবে। নইলে অভিযোগকারীদের বিরুদ্ধে আমি আদালতের আশ্রয় নেব।’
প্রথম আলোয় গতকাল সোমবার নবীনগর পৌরসভা নিয়ে ‘১৪ বছরেও নির্বাচন হয়নি, পৌরবাসী আন্দোলনে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।