ইজারার শর্ত ভঙ্গ করে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে ৫২ জন ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবন সাত দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। গত সোমবার ওই নির্দেশ দেওয়া হয়।
ব্যবসায়ী, পুলিশ ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের জেএল ১০৯ পশ্চিম সুজনকাঠী মৌজার এসএ ৫, ১০, ৫৮ ও ৬৫ নম্বর দাগের ১ একর ৩২ শতাংশ খাস খতিয়ানভুক্ত জমি ইজারা নিয়ে শতাধিক ব্যবসায়ী ব্যবসা করে আসছেন।
ইজারার শর্তে উল্লেখ ছিল, কেউ ওই জমির আকার পরিবর্তন করতে পারবেন না। এখানে পাকা ভবন নির্মাণ করা যাবে না। অস্থায়ী ঘর নির্মাণ করে তাঁরা ব্যবসা করতে পারবেন।
৪ ফেব্রুয়ারি আগৈলঝাড়া সদর বন্দরে অগ্নিকাণ্ডে ৫২টি দোকান পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমাম হোসেন, শাহাদাত মোল্লা, আয়নাল হক, রহিম বিশ্বাসসহ ১৩ জন জানান, অগ্নিকাণ্ডের পরপরই বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক শহিদুল আলম, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সাংসদ ও জেলা প্রশাসকের কাছে তাঁরা পাকা ভবন নির্মাণের দাবি জানান। পরে এ বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা।
আগৈলঝাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক হাওলাদার বলেন, আত্মীয়স্বজনের সহায়তা, দান-অনুদান নিয়ে নিরাপদে ব্যবসা করতে তাঁরা পাকা ভবন নির্মাণ শুরু করেন। কিন্তু প্রশাসন আকস্মিক নির্মাণকাজ বন্ধ করে দিয়ে সাত দিনের মধ্যে সেগুলো ভেঙে ফেলার নির্দেশ দেয়।
আগৈলঝাড়া সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও দেবী চন্দ বলেন, পাকা ভবন নির্মাণে কখনোই তাঁদের আশ্বাস দেওয়া হয়নি। ইজারার শর্ত ভঙ্গ করায় শুরুতে কাজ বন্ধ করতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা তা অমান্য করে কাজ শেষ করার চেষ্টা করেন।
আগৈলঝাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের জরিপকারী আলী আসগর জানান, নিষেধ করা সত্ত্বেও ব্যবসায়ীরা সরকারি সম্পত্তিতে বহুতল পাকা ভবন নির্মাণ করে আইন অমান্য করেছেন।