সাত দিনের মধ্যে সব বাঁধ মেরামতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই-শাল্লা হাওরের সব কটি ফসল রক্ষাবাঁধ মেরামতের কাজ শেষ করতে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত গত শনিবার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।কাজের ধীরগতি ও নিম্নমান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুরঞ্জিত সেন বলেন, ‘আমি চাপতির হাওরের বৈশাখী বাঁধ, চাতল-কলিয়ার কাপন বাঁধ, কাদিরপুর, আমিরপুর ও নোয়াখালের বাঁধ পরিদর্শন করেছি। এসব বাঁধের কাজের মান সন্তোষজনক নয়। আগামী সাত দিনের মধ্যে সব কটি বাঁধের মেরামতকাজ শেষ করার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছি।’ সুরঞ্জিত সেন আরও বলেন, গত বছর ঠিকাদার ও পাউবোর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে হাওর রক্ষাবাঁধের টাকা লুট করা হয়েছে। ঠিকাদারেরা কাজ না করে পালিয়ে গিয়েছিলেন। এবার জনগণের প্রতিনিধি বাঁধ মেরামতের কাজ করছেন। পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও অবহেলার অভিযোগ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এবার ২৮ কোটি টাকা ব্যয়ে ৯৪ টি স্থানে বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পাউবোর সুনামগঞ্জের উপসহকারী প্রকৌশলী মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন প্রমুখ।