সাত দিনের মধ্যেই নাশকতা ও চোরাগোপ্তা হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নতুন কমিটির সঙ্গে পরিচিতি সভার পর তিনি এসব কথা বলেন।
এর আগে গত রোববার ডিএমপি কমিশনার বলেছিলেন, চলমান নাশকতার মধ্যেও ঢাকা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডিএমপি কমিশনার গতকাল বলেন, পুলিশের চলমান অভিযানের মুখে ঢাকায় প্রকাশ্য নাশকতা থেমে গেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এখন যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে নেমে যাচ্ছে কিছু দুর্বৃত্ত। এরা সাধারণ মানুষের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তবে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। আগামী সাত দিনের মধ্যে ঢাকা থেকে এসব নাশকতা ও চোরাগোপ্তা হামলা থামানো হবে। পুলিশ সেভাবেই দায়িত্ব পালন করছে। তিনি বলেন, কারা এই নাশকতা ও চোরাগোপ্তা হামলার নির্দেশ দিচ্ছে, তা সবাই জানেন। রাজধানীর প্রতিটি থানায় নাশকতাকারীদের অর্থ ও হুকুমদাতাদের তালিকা আছে। অভিযান চলবে। পুলিশ জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করছে। ইতিমধ্যে জনতা নাশকতাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে।