সাত দিনের রিমান্ডে শাহাদাত হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমাদ্রী মজুমদার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া শাহাদাত হোসেন ওরফে সাজুকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁকে মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে শাহাদাতকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ ও পাঁচলাইশ থানার পুলিশের একটি যৌথ দল। শাহাদাত হিমাদ্রী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) এস এম তানভীর আরাফাত বলেন, ‘আমরা অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টায় রয়েছি। আশা করি, শিগগির ওই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’ প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনের চারতলায় মারধর করে কুকুর লেলিয়ে ও পরে ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ইংরেজি মাধ্যম ‘এ লেভেলের’ ছাত্র হিমাদ্রীকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত হিমাদ্রী ২৬ দিন চিকিৎসাধীন থেকে গত ২৩ মে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। এ ঘটনায় হিমাদ্রীর মামা প্রকাশ দাশ অসিত বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলার মূল আসামি লন্ডনে পালিয়ে গেছে বলে জানা গেছে।