সাত দুস্থ পরিবার পেল তৈরি বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী পৌর শহরের ভাগদী মহল্লার তমিজ উদ্দিনের হাতে গতকাল বিকেলে তৈরি বাড়ির চাবি তুলে দেওয়া হয়
নরসিংদী পৌর শহরের ভাগদী মহল্লার তমিজ উদ্দিনের হাতে গতকাল বিকেলে তৈরি বাড়ির চাবি তুলে দেওয়া হয়

নরসিংদীতে সাতটি দুস্থ পরিবারের জন্য বাড়ি বানিয়ে দিয়েছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার পরিবারগুলোর মধ্যে বাড়ির চাবি হস্তান্তর করা হয়। আরও ৮৫টি পরিবারের জন্য বাড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে ফাউন্ডেশনের তরফ থেকে বলা হয়েছে।
ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রতিবছর পবিত্র রমজান মাসে জেলার তিন-চার হাজার দুস্থ লোকজনের মধ্যে ঘরের টিন, রিকশা-ভ্যান, সেলাই মেশিন, হুইলচেয়ার বিতরণ করত ফাউন্ডেশন। কিন্তু বিতরণের পর অনেকে তা বিক্রি করে দিতেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে এ বছর গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় একেকটি পরিবারের জন্য ছয় লাখ টাকা ব্যয়ে আধা পাকা বাড়ির মধ্যে দুটি থাকার ঘর, একটি শৌচাগার, একটি গভীর নলকূপ নির্মাণ করে দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথমে সাতটি গৃহ নির্মাণ করা হয়েছে। ঈদুল ফিতরের পর জেলার ৭৩টি ইউনিয়নে একটি করে এবং ছয়টি পৌরসভায় দুটি করে আরও ৮৫টি গৃহ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গতকাল বিভিন্ন উপজেলায় গৃহ নির্মাণ প্রকল্পের চাবি হস্তান্তর অনুষ্ঠানে মজিদ মোল্লা ফাউন্ডেশন ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, দুস্থ ও গরিবদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ বছর থেকে প্রতিবছর জেলার ৭৩টি ইউনিয়নে একটি করে ও ছয়টি পৌরসভায় দুটি করে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।

অনুষ্ঠানে সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের প্রধান উপদেষ্টা আবদুল হাই সিদ্দিক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, মনোহরদীর পৌর মেয়র আমিনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।