বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তায় বৈশ্বিক মান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ সাতটি দেশ ও জোটকে নিয়ে আন্তদেশীয় ফোরাম গঠন করা হয়েছে। বিমানবন্দরগুলোর নিরাপত্তায় প্রয়োজন অনুযায়ী এসব দেশ ও জোট সহযোগিতা দেবে।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাপান ও ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়ন ও উন্নত শ্রমমান নিশ্চিত করতে পাঁচটি উন্নয়ন সহযোগী দেশ ও জোটকে নিয়ে বাণিজ্য, শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ফোরাম গঠন করেছিল। ওই অভিজ্ঞতার আলোকে বিমানবন্দরের নিরাপত্তায় সহযোগী দেশগুলোকে নিয়ে ফোরামটি গঠিত হয়েছে। এখানে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান সচিব এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাপান ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতেরা এর সদস্য। গতকাল এই ফোরামের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হলো।
বৈঠকের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। নিরাপত্তা বাড়ানোর জন্য যেসব পদক্ষেপ নিতে হবে, সেই লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
বৈঠক সূত্রে জানা গেছে, এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি দল বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখেছে। এ ছাড়া কানাডা ও আরব আমিরাতের পৃথক প্রতিনিধিদল সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা মূল্যায়নে সরেজমিন ঘুরে দেখেছে।
গত বছরের অক্টোবরে রাশিয়ার একটি বিমান মিসরে বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হওয়ার পর পৃথিবীজুড়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের বিষয়টি অগ্রাধিকার পেতে শুরু করে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের একটি দল বাংলাদেশের বিমানবন্দর পরিদর্শন করে কয়েকটি মূল্যায়ন প্রতিবেদন দিয়ে এখানে নিরাপত্তায় ঘাটতির প্রসঙ্গটি উল্লেখ করে। পরে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে যুক্তরাজ্য সরকারের পরামর্শে সে দেশের একটি প্রতিষ্ঠান রেডলাইনকে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়।